
পুরুষ ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির পরিধি বাড়ালেও নারী ক্রিকেটে খেলোয়াড়ের সংখ্যা কমিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন মাত্র আট নারী ক্রিকেটার। অথচ গত মৌসুমে পাঁচটি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ ছিলেন ২০ জন।
আজ শুক্রবার নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। পুরুষ ক্রিকেটারদের চুক্তি ফরম্যাটভিত্তিক হলেও নারী ক্রিকেটারদের ক্ষেত্রে রাখা হয়েছে আগের মতোই শ্রেণিভিত্তিক ক্যাটাগরি। এবার থাকছে তিনটি ক্যাটাগরি—এ, বি ও সি। বাদ পড়েছে গতবারের ডি ও ই (ইমার্জিং ক্রিকেটার) ক্যাটাগরি।
সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অধিনায়ক ফাতিমা সানা খান ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুনিবা আলি, সিদরা আমিন ও নাশরা সান্ধু। আর ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন গুল ফিরোজা, সাদাফ শামাস ও আয়েশা জাফর।
পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস বিবেচনা করে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। চুক্তির মেয়াদেও নিয়মিত ফিটনেস মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা সবাইকে নির্ধারিত ফিটনেসের মান বজায় রাখতে হবে।
সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ফাতিমা সানা ব্যাট ও বল—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। সম্প্রতি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
অন্যদিকে, বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন সাদিয়া ইকবাল। এর আগে আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার।
উল্লেখ্য, কয়েক দিন আগে পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল পিসিবি। সেখানে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৮। পুরুষ ও নারী দলের চুক্তিতে খেলোয়াড় সংখ্যার এই বিপরীত চিত্র তাই নজর কেড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









