
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন। আগামী ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শাবি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: রিজাউল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো: ফয়জুল হক।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. রিজাউল ইসলাম জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল : মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এ প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, ‘সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১২৬টি প্রবন্ধ। এসব প্রবন্ধ ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপন করা হবে। ২৭ নভেম্বর সকাল ৮টায় নিবন্ধনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে গবেষণাপত্র উপস্থাপন। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন রয়েছে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন প্রো-ভিসি অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দিন।
এতে থিম স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। কি-নোট স্পিকার হিসেবে থাকবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে অধ্যাপক ড. রিজাউল ইসলাম বলেন, ‘মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চা ও বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এ দু’টি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার ও সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে।’
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি দেশী-বিদেশী গবেষকদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, প্রভাষক মুহা: জাকির হোসাইন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক মো: শামসুদ্দীন এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সিলেট সরকারি কলেজের প্রভাষক কাওছার আহমেদ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









