ইরান
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালী-সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের সুজা অঞ্চলে জোড়া ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর আগে ইরানি পক্ষ একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল।

Advertisement

ইরানের বার্তা সংস্থা আইআরএনএ ও আধা-সরকারি তাসনিম  নিউজ অ্যাজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আকাশে বিমানের বিকট শব্দ শোনার পরপরই দুটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানতে দেখেন। এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিতকরণের পর বিস্তারিত জানানো হবে বলে তাসনিম জানিয়েছে।

এই জোড়া বিস্ফোরণের কিছু ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সেনাবাহিনীর বরাত দিয়ে জানায় যে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী কেশম দ্বীপের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত এবং তা ধ্বংস করেছে। এর আগে গত শুক্রবারও হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছিল ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

Advertisement

চলমান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা আলোচনা

এদিকে, দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই কাতার ভিত্তিক মধ্যস্থতা প্রক্রিয়া সচল রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবর অস্বীকার করেছে কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস। কাতার জানায়, উভয় পক্ষ চুক্তি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ওয়াশিংটন ও তেহরানের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।