
ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বৃহস্পতিবার দাবি করেছে, সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের বাহিনী। তবে হাউছিরা ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
আল জাজিরা ও আহরাম অনলাইন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানায়, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘পবিত্র মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’ সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ বিবৃতি প্রকাশ করা হয়। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে প্রকাশিত খবরে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি।
হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অবশ্য সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করেছেন। এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে তারা কোনো অভিযান চালায়নি। পবিত্র মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুর দাবি নির্লজ্জ মিথ্যা।’
ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনাকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি এর আগে দিয়েছিল হাউছিরা।
গত ১ অক্টোবরও সৌদি আরব দাবি করেছিল, হাউছিদের চালানো ড্রোন হামলায় মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্র আক্রান্ত হয়েছে। সে সময় তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়লেও দেশের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








