
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর বিষয়ে তেহরান যে শর্ত দিয়েছে, সেখান থেকে সরে আসবে না।
আল জাজিরা রোববার (২৭ সেপ্টেম্বর) জানায়, টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিস্তারিত বিবৃতিতে আরাগচি এসব কথা বলেন।
আরাগচি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের সব বৈঠকের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং আলোচনা আবারো শুরুর বিষয়ে ইরানের শর্তগুলো তুলে ধরা। এসব শর্ত দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নির্ধারণ করেছে।
মধ্যস্থতাকারীদের কাছে শর্তগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং তারা তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলেও জানান আরাগচি।
তিনি বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া দেখেছি। কিন্তু মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু জানানো হয়নি।'
আরাগচি বলেন, ট্রাম্প প্রায়ই অনেক 'পরস্পরবিরোধী বক্তব্য' দিয়ে থাকেন। তাই 'মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার চূড়ান্ত অবস্থান আমাদের কাছে জানানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এরপর আমরা সিদ্ধান্ত নেব।'
ইরানের শর্ত পূরণ হওয়ার ওপরই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি। আরাগচি বলেন, 'আমরা এসব শর্ত থেকে সরে আসব না।'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 'এখন বিশ্বের কেউই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে কূটনীতির পথ অনুসরণ না করার জন্য অভিযুক্ত করতে পারবে না। আমরা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আছি। কারণ আমরা কখনো কূটনীতি ও আলোচনার পথ বন্ধ করিনি। তবে আমরা কখনো আমাদের অধিকারও বিসর্জন দিইনি।'








