
গত ২৪ ঘণ্টায় সৌদি আরব তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ২৬টি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনের হাউছি গোষ্ঠী। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাউছি দাবি করে, কেবল গত এক সপ্তাহেই হাউছি-নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব ৩০০টি হামলা চালিয়েছে এবং তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অবস্থানে আঘাত হেনেছে।
এদিকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার শুক্রবার জানিয়েছে যে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনী ৩০ জন হাউছি বিদ্রোহীকে হত্যা এবং ৬০ জনেরও বেশি বিদ্রোহীকে আহত করেছে।
উল্লেখ্য, এই সপ্তাহে যেসব এলাকায় লড়াই জোরদার হয়েছে, তার মধ্যে এটি অন্যতম।
ইয়েমেনের সরকারি বাহিনী ও হাউছি যোদ্ধাদের মধ্যে লড়াই তীব্র হওয়ার পরপরই এই পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো ঘটল।
শুক্রবার সানা শহরে হাজার হাজার মানুষ ইরান-সমর্থিত হাউছিদের প্রতি সমর্থন এবং সৌদি আরবের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এর মধ্যেই হাউছিরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং কৌশলগত বাব আল-মানদেব প্রণালীসহ ইয়েমেনের লোহিত সাগরের উপকূলীয় বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
সূত্র : আল জাজিরা







