দেশে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
দেশে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংগৃহীত

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

Advertisement

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতকরা হিসাবে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে স্বাক্ষর করেছেন বিইআরসির সচিব মো: নজরুল ইসলাম সরকার।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে এক দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন মূল্য দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।