
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের দরপতন ঠেকাতে শেষ পর্যন্ত সরাসরি হস্তক্ষেপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চাপেই পদত্যাগের মাত্র ১১ দিন পর আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরলেন জেনসেন হুয়াং। চীনা গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীর সাথে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই তাকে ফিরিয়ে আনতে হোয়াইট হাউস তৎপরতা চালায়। হোয়াইট হাউজের এই তৎপরতা নজিরবিহীন।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মঙ্গলবার (২৪ নভেম্বর) এ খবর জানায়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হুয়াংকে ফিরিয়ে আনতে ট্রাম্প নিজে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সাথে যোগাযোগ করেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও কয়েক দিন ধরে কোম্পানিটির পরিচালকদের ওপর চাপ দেন। তাদের বোঝানো হয়, হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন।
গত সপ্তাহের শেষ দিকে ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। তার ধারণা হয়েছিল, এনভিডিয়ার শীর্ষ পদে হুয়াংকে ফিরিয়ে আনতে পারলেই শেয়ারবাজারের পতন থামানো সম্ভব হবে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি সিএনএনকে জানান, হুয়াংকে ফিরিয়ে আনতে হোয়াইট হাউসের এই উদ্যোগ ছিল নজিরবিহীন। পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় তাকে ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট নিজেই পুরো তৎপরতার নেতৃত্ব দেন।
সপ্তাহান্তে একের পর এক ফোন করেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ভ্যান্সের নেতৃত্বে তারা এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে হুয়াংকে ফিরিয়ে নেয়ার জন্য ব্যক্তিগতভাবে চাপ দেন। একাধিক সূত্র জানায়, তারা কোম্পানিকে আশ্বস্ত করেন, হুয়াংয়ের কারণে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। যদিও চীনা গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ থাকার সন্দেহে থাকা এক নারীর সাথে তার সম্পর্ক নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে তখনো প্রশ্ন ছিল।
এনভিডিয়ার সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপও ছিল। তিনি নিজে কোম্পানিটির পরিচালনা পর্ষদে ফোন করে হুয়াংয়ের পক্ষে কথা বলেন। হুয়াংয়ের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্টের বিশ্বাস ছিল, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির সাফল্যের জন্য হুয়াং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমি সরাসরি ও পরোক্ষভাবে পরিচালনা পর্ষদের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার দৃঢ় অবস্থান ছিল।’ এনভিডিয়া সেদিনই জানায়, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনা হচ্ছে। ঘোষণার কিছুক্ষণ পর ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমাদের অন্যতম সেরা তারকাকে আবার মাঠে ফিরে পেয়েছি।’
কয়েক সপ্তাহ ধরে চলা এই বিতর্কে ওয়াশিংটন ও ওয়াল স্ট্রিটের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল। নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা হুয়াং স্বীকার করার পর জানা যায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছিল, ওই নারী চীনা সরকারের হয়ে কাজ করতে পারেন। তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনার বিষয়টি হোয়াইট হাউস এতটাই গোপন রেখেছিল যে, এনভিডিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের কেউ কেউ সোমবার সকালে ঘোষণার অল্প সময় আগে পর্যন্তও বিষয়টি জানতেন না।
এই ঘটনা ট্রাম্পের একটি বড় উদ্বেগও সামনে এনেছে। তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে নিজের রাজনৈতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে দেখেন। তার পাশাপাশি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্য এখন অনেকটাই এনভিডিয়া এবং হাতেগোনা কয়েকটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।
হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকারের পর মার্কিন কংগ্রেসের উভয় দলের সদস্যরা তার আচরণ এবং এর সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে তদন্ত শুরু করেন। চীনা নারী অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে আগে পাওয়া সতর্কবার্তাগুলো ট্রাম্প ও তার শীর্ষ সহযোগীরা কীভাবে সামলেছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অ্যালিস হুয়াং মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ কিনত। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এসব চিপ পরে চীনে পৌঁছে যায়। এ ঘটনা নতুন করে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যেও মতবিরোধ বাড়িয়েছে। বিশেষ করে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে বিরত থাকে। কাজেই এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ট্রাম্পের কাছে শেষ পর্যন্ত সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়ায় এনভিডিয়ার শেয়ারের দরপতন। হুয়াং পদত্যাগ করার পর কোম্পানিটির শেয়ারের দাম দ্রুত কমতে থাকে। এর প্রভাব পড়ে সামগ্রিক শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রের এআই খাতের দ্রুত বিকাশ থমকে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়।
প্রথমে বাজারের আস্থা ফেরাতে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুককে এনভিডিয়ার দায়িত্ব দেয়ার কথা বিবেচনা করেন ট্রাম্প। কিন্তু তাতে কাজ হয়নি। এর মধ্যে কোম্পানিটি নিজেদের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে সিইও পদে নিয়োগ দেয়। তবে সোমবার ট্রাম্প জানান, গত সপ্তাহে সিএনবিসিকে দেয়া ক্রেসের সাক্ষাৎকার তার ভালো লাগেনি।
এশিয়ায় চার দিনের সফর শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প। সফরকালে তিনি বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুয়াংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প ফেরার সময় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার টানা পাঁচ দিন ধরে দরপতনের মধ্যে ছিল। এটি ছিল বাজারের ইতিহাসে অন্যতম বড় টানা দরপতনের ঘটনা।
ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন প্রেসিডেন্টের মানসিকতা ব্যাখ্যা করে বলেন, ‘প্রেসিডেন্ট ইতিহাসের ছাত্র। হার্বার্ট হুভার ও মহামন্দার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। ১৯২৯ সালের শেয়ারবাজার ধসের ঘটনাও তার চিন্তায় প্রভাব ফেলেছে। তার কাছে বাজারের ঊর্ধ্বগতি মানে ভালো, আর শেয়ারবাজারের পতন মানে খারাপ।’
এর আগেই প্রকাশ্যে হুয়াংকে এনভিডিয়ায় ফিরিয়ে আনার কথা বলেছিলেন ট্রাম্প। তাকে ‘কিংবদন্তি’ বলেও প্রশংসা করেছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানায়, বাজার স্থিতিশীল করতে হুয়াংকে ফিরিয়ে আনা জরুরি বলে উপদেষ্টা ও কর্মকর্তাদের বারবার বোঝান প্রেসিডেন্ট।
এই উদ্যোগের নেতৃত্ব দিতে ভ্যান্সকে দায়িত্ব দেন ট্রাম্প। বিষয়টি সম্পর্কে জানা একাধিক সূত্র জানায়, সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিদের সাথে ভ্যান্সের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাদের অনেকেই হুয়াংকে আবার দায়িত্বে ফেরানোর পক্ষে ছিলেন।
পরবর্তী ৭২ ঘণ্টা ভ্যান্স সরাসরি হুয়াংয়ের সাথে যোগাযোগ রেখে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে রাজি করানোর চেষ্টা করেন। সূত্রগুলোর ভাষ্য, সরকার হুয়াংয়ের বিরুদ্ধে বেআইনি বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কোনো কাজের প্রমাণ পায়নি বলে পরিচালকদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়।
এই তৎপরতায় যুক্ত ছিলেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও। চীনে চিপ বিক্রি সীমিত করতে বাণিজ্য মন্ত্রণালয় আরো কঠোর পদক্ষেপ নেয়নি বলে বেসেন্টের অসন্তোষ ছিল। এ নিয়ে প্রশাসনের ভেতরে দুজনের মধ্যে আগে থেকেই মতবিরোধ চলছিল।
গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তাকে গুরুত্ব না দেয়ার পাশাপাশি ভ্যান্স ও প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের যুক্তিও তুলে ধরেন। তাদের বক্তব্য ছিল, হুয়াং অসাধারণ প্রতিভাবান এবং চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ধরে রাখতে প্রয়োজনীয় এআই উদ্ভাবনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর মাত্র চার দিন আগেই বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে ফিরিয়ে আনার দাবি প্রত্যাখ্যান করেছিল। তারা বলেছিল, হুয়াংয়ের আচরণ কোম্পানির আচরণবিধি, মানদণ্ড ও সাংগঠনিক সংস্কৃতির সাথে অসংগতিপূর্ণ। কিন্তু ট্রাম্প প্রশাসনের টানা চাপের মুখে রোববার রাতে পর্ষদ কর্মকর্তাদের জানায়, তারা সিদ্ধান্ত বদলাবে। পরদিন সকালে হুয়াংকে ফিরিয়ে আনার ঘোষণা দেয়া হয়।
সোমবারের আকস্মিক ঘোষণায় হোয়াইট হাউসের একাংশ এবং সিলিকন ভ্যালিতে উদ্যাপনের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তি খাতের অল্প কয়েকজন ধনকুবেরের রাজনৈতিক প্রভাব কতটা বেড়েছে, এ ঘটনা তার আরেকটি উদাহরণ হয়ে ওঠে। তাদের মধ্যে হুয়াংও রয়েছেন। ট্রাম্পের সাথে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।
ট্রাম্পের সাথে হুয়াংয়ের বিষয়ে আলোচনা করেছেন বলে নিজেই জানিয়েছিলেন ইলন মাস্ক। এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ভুলটি সংশোধন করা হয়েছে।’
তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অন্য অংশে এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা দেয়। এনভিডিয়ার সিদ্ধান্তে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে তারা উদ্বিগ্ন। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে এ নিয়ে ট্রাম্প প্রশাসনকে আরো কঠিন জবাবদিহির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর পিট রিকেটস এক্সে লেখেন, ‘জেনসেন হুয়াংয়ের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর মধ্যে অধস্তন কর্মীদের সাথেও সম্পর্ক ছিল। এ ছাড়া একজন কথিত চীনা গুপ্তচরের সাথেও তার সম্পর্ক ছিল। তার আচরণ তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনার পক্ষে যায় না।’
হুয়াং চীনে এনভিডিয়ার কিছু উন্নত চিপ বিক্রির অনুমতি পেতে হোয়াইট হাউসকে রাজি করানোর জন্য প্রযুক্তি শিল্পের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। এ প্রচেষ্টা আগে থেকেই চীনবিরোধী কঠোর অবস্থানের পক্ষে থাকা রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। এখন অ্যালিস হুয়াংয়ের সাথে তার সম্পর্কের কারণে চিপগুলো চোরাই পথে চীনে পাঠানো সহজ হয়েছিল কি না, তা নিয়ে আরো জোরালো তদন্তের দাবি উঠেছে।
অ্যালিস হুয়াংয়ের সাথে চীনা গোয়েন্দা সংস্থার সম্পর্কের প্রকৃত ধরন এখনো স্পষ্ট নয়। তবে চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নাগরিকদের সহায়তা করতে বলা হলে তারা তা করতে বাধ্য। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার কাছে এই আইনই জেনসেন হুয়াংয়ের সাথে অ্যালিসের সম্পর্ককে পাল্টা গোয়েন্দা ঝুঁকি হিসেবে বিবেচনার জন্য যথেষ্ট ছিল। বিশেষ করে প্রেসিডেন্টের কাছে অ্যালিসের পরোক্ষ যোগাযোগের সুযোগ থাকায় তারা বিষয়টিকে গুরুতর ঝুঁকি বলে মনে করতেন।
চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থানের পক্ষে থাকা কর্মকর্তাদের একজন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বছরের শুরুতেই হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ট্রাম্প ও প্রশাসনের অন্য কর্মকর্তাদের বারবার সতর্ক করেছিলেন তিনি। তবে এনভিডিয়া-সংক্রান্ত পুরো বিতর্কে রুবিও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সোমবার হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের চিৎকার করে করা প্রশ্নেরও জবাব দেননি তিনি।
হুয়াংয়ের সম্পর্কের কথা স্বীকারের পর সৃষ্ট বিতর্কে জড়িয়ে পড়েন বাণিজ্যমন্ত্রী লুটনিকও। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা শুরুতেই অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগে লুটনিকের অনীহাকে দায়ী করেছিলেন। তবে এখন বাণিজ্য মন্ত্রণালয় মেগাস্পিডকে যুক্তরাষ্ট্রের ‘এনটিটি লিস্টে’ যুক্ত করছে। বুধবার ফেডারেল রেজিস্টারে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এর ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র থেকে কোনো পণ্য রফতানি সুবিধা পাবে না।
ট্রাম্পের ইচ্ছায় হুয়াংকে এনভিডিয়ার দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আগামী বছর ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেসে তদন্তের নতুন ঢেউ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা। ব্যক্তিগত আলোচনায় তারা আশঙ্কা প্রকাশ করেছেন, হুয়াংয়ের আচরণ নিয়ে আরো ক্ষতিকর তথ্য সামনে আসতে পারে।
আগামী বৃহস্পতিবার সিনেটের ব্যাংকিং কমিটির সামনে প্রথমবারের মতো প্রকাশ্যে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে হুয়াংয়ের। ফলে তার ব্যক্তিগত আচরণ এবং তাকে আবার দায়িত্বে ফেরাতে ট্রাম্পের ভূমিকা—দুটিই আরো কিছুদিন আলোচনার কেন্দ্রে থাকবে।
তবে হোয়াইট হাউসের এই সাফল্যের পরপরই দীর্ঘমেয়াদি পরিণতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না ট্রাম্প। সোমবার সিএনবিসিকে তিনি বলেন, এর আগে এনভিডিয়ার শেয়ারের দাম কমছিল। এখন তা বাড়ছে।
ট্রাম্পের ভাষায়, ‘এটি সঠিক দিকে এগিয়ে চলা একটি রকেট। এটি পুরো শেয়ারবাজারকেই টেনে তুলছে। এর মতো ঘটনা আগে কখনো ঘটেনি—এমনও হতে পারে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









