মেজর (অব.) আখতারুজ্জামান
মেজর (অব.) আখতারুজ্জামান। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

Advertisement

সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানান, আপিল বিভাগ আখতারুজ্জামানের জামিন বহাল রাখায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে রোববার এই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

পরে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার আদালত জামিন বহাল রাখেন।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত শুনানি শেষে আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৩৮) বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় পৌঁছান। যাত্রীর চাপ বেশি থাকায় লাগেজ পেতে বিলম্ব হয়। একই সময়ে ট্রলি সঙ্কট দেখা দিলে কয়েকজন যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে তাকে লক্ষ্য করে আখতারুজ্জামান অশালীন ভাষায় কথা বলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া ও মারধরের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আখতারুজ্জামানের সাথে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন প্রতিনিধির সাথে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে।

ঘটনার পরদিন বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরদিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। এর আগে তিনি কিশোরগঞ্জ-২ আসন থেকে দু’বার বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তবে বিভিন্ন সময়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হন তিনি।

সূত্র : ইউএনবি