
নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা মোকাবেলায় সরকারের প্রতিক্রিয়া যথাযথ হওয়া উচিত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। তবে বেআইনি কর্মকাণ্ড, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘিœত করা এবং সহিংসতায় উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসাথে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে বক্তব্য দেন মাইকেল মিলার। নির্ধারিত বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং পাল্টাপাল্টি সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উত্তরণ একটি জটিল প্রক্রিয়া। এটি রাতারাতি অর্জন করা সম্ভব নয়। এর জন্য কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করতে হয় এবং পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়ন করতে হয়।
মিলার বলেন, নির্বাচনের পর থেকেই বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে ইইউ। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। বিশেষ করে সংসদে নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো বেশি ঐকমত্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে, যাতে দেশের রূপান্তরপ্রক্রিয়া এগিয়ে নেয়া যায়।
তিনি বলেন, মতপার্থক্য প্রকাশ অস্বাভাবিক কিছু নয়। যেকোনো গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। তবে কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘিœত করলে কিংবা কোনো ব্যক্তি বা সংগঠন সহিংসতায় উৎসাহ দিলে তা গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় ইউনিয়ন সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে, কিন্তু সহিংসতা ও ঘৃণা ছড়ানোর উসকানির বিরুদ্ধে।
সরকারের ভূমিকা প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনায় তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া যথাযথ হওয়া উচিত। তার উপলব্ধি, সরকারের প্রতিক্রিয়া যথাযথই হচ্ছে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইইউ প্রতিদিন এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মানবাধিকার পরিস্থিতির ওপর নির্ভর করেই বাংলাদেশের সাথে সহযোগিতার মাত্রা নির্ধারিত হয়। অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সময়ে সহিংসতা পরিত্যাগ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









