এইচএসসির ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
রাজধানীর শ্রমভবনে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে চেয়ারম্যানসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন : নয়া দিগন্ত।
ads

নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার  উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা দুই লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করে আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন করা হয়েছে। 
গতকাল সোমবার খাতা পুনর্নিরীক্ষণের এই  ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ঢাকা বোর্ডে নতুন জিপিএ ৫ পেয়েছেন ৪৬৪ জন।  ফল পরিবর্তন হয়েছে পাঁচ হাজার ৮৫৩ জনের। মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১৭১ জন। গ্রেড চেঞ্জ হয়েছে  এক হাজার ১২৯ জনের। ফেল থেকে পাস করেছেন ১৪২ জন। কারিগরি বোর্ডে ফল পরিবর্তন হয়েছে তিন হাজা ৮৬০ জনের।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় সবার উপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ আট হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ।  ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং তিন লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে পাঁচ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে তিন হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে এক হাজার ৯০৯ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে দুই হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে দুই হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।
অন্য দিকে সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে এক হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে দুই হাজার ২৪৮ জনের, মাদরাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে এক হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে তিন হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড (২২ দশমিক ৫৫ শতাংশ) ও কারিগরি শিক্ষা বোর্ড (২২ দশমিক ১৩ শতাংশ)। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭ শিক্ষার্থী
কুমিল্লা প্রতিনিধি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন শিক্ষার্থী। 
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম জানান, এ বছর ফল পুনঃনিরীক্ষণের জন্য ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৯২ হাজার ১৬২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই-বাছাই শেষে দুই হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫০৭ জন ফেল থেকে পাস করেছেন এবং ১২০ জন নতুন করে জিপিএ ৫ অর্জন করেছেন।