বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান । সংগৃহীত

ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় এসব মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের অংশ হিসেবে আসনটির ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতাদের সাথে আলোচনা করেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

একই দিন ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতার সাথে কথা বলেন বিরোধীদলীয় নেতা। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথেও মতবিনিময় করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। এ সময় স্থানীয় বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভাগুলোতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা।