
শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ডা: শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন।’
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা পূর্ণ নিরাপত্তার সাথে উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দেশের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সাথে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটাই প্রত্যাশা।’
তিনি আরো বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন।’
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি সবাইকে আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








