সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ, (ডানে) সোমালিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ জুমা আল-রুমাইথি
সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ, (ডানে) সোমালিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ জুমা আল-রুমাইথি। নয়া দিগন্ত
ads

সোমালিয়া কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘উত্তেজনা সৃষ্টিকারী ও বৈরী’ বলে নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোমালিয়া আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। সেইসাথে আবুধাবিতে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেয় দেশটি।

সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ জানান, সোমালিয়ার সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বাধীনতাকে লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাত যেসব পদক্ষেপ নিয়েছে, তার প্রতিক্রিয়াই হলো এই সিদ্ধান্ত।

পরে একইদিন সোমালিয়ার এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা জানায় আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা এই আদেশটিকে ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থান’ হিসেবে নিন্দা করেছে। যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবং পারস্পরিক সহযোগিতাকে দুর্বল করে তুলেছে।

বিবৃতিতে আরো বলা হয়, দেশগুলোর মধ্যকার সম্পর্ক প্রভাবিত করে এমন সিদ্ধান্তগুলো নেয়া উচিত অভিন্ন স্বার্থের ভিত্তিতে, যেখানে কোনো রাজনৈতিক বিবেচনা বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব থাকা উচিত নয়।

সোমালি সরকার তাদের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে টেনে আনার যে চেষ্টা করেছে, তাতে মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের জনগণের স্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে উত্তেজনাকর পরিস্থিতিতে জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত মোগাদিশুতে তাদের দূতাবাস বন্ধ করে দেয় এবং কূটনৈতিক কর্মীদের ফিরিয়ে আনে। সে সময় আবুধাবি সোমালিয়ার বিরুদ্ধে ‘বৈরী নীতি’ গ্রহণের অভিযোগ তুলেছিল। যার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাতিল করার সিদ্ধান্তটিও অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। একইসাথে আবুধাবিতে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দেয়।

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি সতর্ক করে বলেন, ‘সোমালিয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই আগ্রাসনে যারা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমি সমস্ত সোমালীয় নাগরিককে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দেশকে রক্ষা করুন এবং সোমালিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড ও ঐক্যের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই প্রকাশ্য আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’

তবে ঠিক কী কারণে এই বহিষ্কারের ঘটনা ঘটল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সূত্র : আরব নিউজ ও মিডল ইস্ট আই