
বিবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার মাঝেই জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকিগুলো এড়াতে পারস্পরিক সতর্কবার্তা আদান-প্রদান বা ‘নোটিফিকেশন মেকানিজম’ চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ও চীন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে ওয়াশিংটন এই প্রস্তাব উত্থাপন করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ওয়াশিংটন শীর্ষ বৈঠকের প্রাক্কালে নিউইয়র্কে চীনা উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের সাথে প্রায় আট ঘণ্টা ধরে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রযুক্তিগত প্রতিযোগিতার পাশাপাশি বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের টানাপড়েন ও অর্থনৈতিক সম্পর্কের নানা দিক স্থান পায়।
স্বচ্ছতা বাড়ানোর তাগিদ
বিশ্বের শীর্ষ দুই প্রযুক্তি শক্তি বর্তমানে উন্নত এআই মডেল, সেমিকন্ডাক্টর এবং কম্পিউটিং অবকাঠামো খাতে আধিপত্য ধরে রাখতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে। এর মাঝেই এআই প্রযুক্তির দ্রুত বিস্তার বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের গতি মন্থর করার আহ্বান নাকচ করে দিয়েছেন। তার মতে, এআইয়ের এই প্রতিযোগিতায় যে দেশ বিজয়ী হবে, তারাই সর্বোচ্চ কৌশলগত সুবিধা অর্জন করবে। তবে এই তীব্র প্রতিযোগিতার মধ্যেও দুই পরাশক্তি সীমান্ত অতিক্রমকারী প্রযুক্তিগত ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রটিতে যোগাযোগের প্রয়োজনীয়তা স্বীকার করেছে।







