সাঈদ খোকন, ডিবি, জিজ্ঞাসাবাদ
সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। নয়া দিগন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার সকালে ডিবির অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে এসআরবি তাদের কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে সর্বশেষ গত ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সাঈদ খোকনের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।