
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তির জন্য ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে মিনারা বেগমের মৃত্যু হয়।
তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম শিহাব উদ্দিনের স্ত্রী।
মৃতের মেয়ে শাহানারা বেগম চায়না বলেন, ‘সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবারও মাকে মারধর করা হয়। এরপর আমাকে ও মাকে একটি ঘরে আটকে রাখা হয়।’
তিনি জানান, মায়ের অবস্থা খারাপ হতে থাকলে তিনি মামা আলামিনকে খবর দেন। খবর পেয়ে আলামিন গিয়ে তাদের উদ্ধার করেন।
স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে অসুস্থ মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু মঙ্গলবার ভোর ৫টার দিকে তার অবস্থার আরও অবনতি ঘটলে আবার তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ‘মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








