
নোয়াখালীতে মাকে মারধর, বাড়িঘরে আগুন ও ভাঙচুর অভিযোগে মো: সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর সেনবাগ উপজেলার শ্রামেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইরফানুল হক চৌধুরী কারাদণ্ডের নির্দেশ দেন।
সূত্রে জানায়, উপজেলার শ্রামেরগাঁও গ্রামের মরহুম আবুল বাশারের ছেলে দণ্ডপ্রাপ্ত সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নেশার টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার বিকেলে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এবং তার মাকে মারধর করেন।
সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে, সাইফুলকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। রাতেই পুলিশ আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








