গ্রামীণ ব্যাংকে আগুন ও ভাঙচুর
গ্রামীণ ব্যাংকে আগুন ও ভাঙচুর। নয়া দিগন্ত
ads

নোয়াখালীর চৌমুহনীতে ঝটিকা মিছিল বের করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চৌমুহনী পূর্ব বাজারে কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

পরে তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করে সেখান থেকে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করেন। একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দু’টি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়।

হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। পরে তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বপালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দু’টি থাই গ্লাস ভাঙচুর করা হয়।