অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভায় অপরিশোধিত তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভায় অপরিশোধিত তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। সংগৃহীত

ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরএলে) পরিশোধনের জন্য ২০২৭ সালে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে অপরিশোধিত তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত ইআরএলে পরিশোধনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে জি-টু-জি ব্যবস্থার আওতায় অপরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদের জন্য জি-টু-জি প্রক্রিয়ায় সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

একইসাথে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও জমাদানের সময় কমানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর ফলে দরপত্র প্রস্তুত ও জমা দেয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করা হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তিনটি প্রস্তাব কমিটির কাছে উপস্থাপন করে। কমিটি এসব প্রস্তাবের নীতিগত অনুমোদনের সুপারিশ করে। বাসস