ডায়াবেটিসে ৪৩ শতাংশই জানেন না তারা আক্রান্ত, বছরে একবার করে পরীক্ষা করতে হবে
ইনসুলিনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানানো হয়েছে। প্রতীকী ছবি
ads

ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু করার পরিবর্তে রোগটি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, প্রি-ডায়াবেটিস পর্যায় থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া গেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া এবং এ রোগের কারণে সৃষ্ট কিডনি, লিভার, হৃদ্‌যন্ত্র ও অন্যান্য অঙ্গের জটিলতা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু অসচেতনতা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাবে অনেকেই রোগটি সম্পর্কে জানতেই পারেন না। ফলে নীরবে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে। বিশেষজ্ঞরা জানান, প্রতি ১০০ জন ডায়াবেটিস আক্রান্ত মানুষের মধ্যে ৪৩ জনই জানেন না যে, তাদের ডায়াবেটিস রয়েছে। এই ৪৩ শতাংশের মধ্যে ৬৭ শতাংশ নারী। গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের বিস্তার বাড়ছে। এ পরিস্থিতিতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং ইনসুলিনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত এক আলোচনায় ডায়াবেটোলজিস্টরা কথা বলছিলেন। ২০২৫ সালের ডায়াবেটিস এটলাস অনুযায়ী, বাংলাদেশে ২০-৭৯ বছর বয়সী আনুমানিক এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রায় ৫৪ লাখ মানুষ নিজের অজান্তেই এই রোগ বহন করছেন। এটি শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিএফ’র জেনারেলে সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টর্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ। উপস্থিত ছিলেন এনডিএফ’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: সাজিদ আব্দুল খালেক।

আলোচনায় ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: আবু মুহাম্মদ বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করা যায় এবং এর জটিলতা অনেকাংশে বিলম্বিত করা সম্ভব। কিন্তু মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে, ডায়াবেটিস হলেই চিকিৎসা শুরু করতে হবে। প্রি-ডায়াবেটিস পর্যায় থেকেই চিকিৎসা ও জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনা গেলে ডায়বেটিসের অনেক জটিলতা প্রতিরোধ করা যায় এবং বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব।

ডায়াবেটিসকে নীরব ঘাতক উল্লেখ করে অধ্যাপক ডা: জিএম মগবুল হোসেন বলেন, এ রোগ মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করে। কেউই এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নন। বিশেষ করে পায়ের অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক রোগী পায়ে জুতা বা স্যান্ডেল খুলে গেলেও বুঝতে পারেন না। ক্ষত তৈরি হয়ে পচন ধরার পর তারা চিকিৎসকের কাছে আসেন। তখন অনেক ক্ষেত্রে অঙ্গচ্ছেদের প্রয়োজন হয়। অথচ ডায়াবেটিসজনিত পায়ের জটিলতার বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।

ডায়াবেটিসে কিডনি জটিলতা সম্পর্কে অধ্যাপক ডা: আব্দুল মুকিত বলেন, ডায়াবেটিসের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে কয়েক বছরের মধ্যেই কিডনির ক্ষতি শুরু হতে পারে। কিন্তু অধিকাংশ রোগী প্রাথমিক পর্যায়ে তা বুঝতে পারেন না। কিডনির সূক্ষ্ম পর্দা পুরু হয়ে যাওয়ার ফলে প্রস্রাবের সাথে অ্যালবুমিন বের হতে শুরু করে। একপর্যায়ে তা গুরুতর পর্যায়ে পৌঁছায়। তখন কিডনি সম্পূর্ণ সুস্থ করার চিকিৎসার সুযোগ সীমিত হয়ে পড়ে।

তিনি বলেন, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত প্রস্রাবে মাইক্রোঅ্যালবুমিন পরীক্ষা করা প্রয়োজন। এতে কিডনির প্রাথমিক ক্ষতি শনাক্ত করা সম্ভব। ডায়াবেটিসজনিত কিডনি জটিলতায় দেশে বছরে ২০ থেকে ৪০ হাজার মানুষের রেনাল ফেইলিউরের ঝুঁকিতে পড়েন। 

ডায়াবেটিস প্রতিরোধে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে সংসদ সদস্য ডা: মাহমুদা আলম মিতু বলেন, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা ছাড়াও মানসিক চাপ মানুষের শরীরের বিভিন্ন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক রোগী আর্থিক সঙ্কটের কারণে নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারেন না। বিশেষ করে ইনসুলিনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। 

ডা: মাহমুদা আলম মিতু বলেন, দেশে ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতা অত্যন্ত কম। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এ রোগের বিস্তার বাড়ছে। তাই ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মানুষকে প্রি-ডায়াবেটিসের দিকে ঠেলে দিচ্ছে। ঘাড়ের ত্বক কালচে হয়ে যাওয়াও ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে। এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম বলেন, ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভার ও লিভার ফাইব্রোসিসের সম্পর্ক রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস লিভারের ক্ষতির ঝুঁকি বাড়ায়। 

তিনি চিকিৎসকদের নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ থাকা জরুরি। চিকিৎসকদের ব্যস্ততার কারণে অনেক সময় তারা নিজের পরিবারের সদস্যদেরও যথেষ্ট সময় দিতে পারেন না, এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।

প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা বলেন, অনেক রোগী ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিষয়টি মেনে নিতে চান না। কেউ নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করেন না, আবার অনেকে চিকিৎসা নিতেও অনাগ্রহী। এমনকি কেউ কেউ মনে করেন, একসময় মারা যেতেই হবে, তাই চিকিৎসা করে লাভ কী। রোগীদের মধ্যে এ ধরনের হতাশা ও অসচেতনতা দূর করতে চিকিৎসকদের পাশাপাশি পরিবারকেও ভূমিকা রাখতে হবে। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ জরুরি। বাত বা জয়েন্টের ব্যথার রোগীদের ক্ষেত্রেও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিতে হবে। ব্যথার চিকিৎসায় যথেচ্ছ স্টেরয়েড ব্যবহারের বিষয়েও সতর্ক করেন তারা।

অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর ভিজ্যয়্যাল প্রজেন্টেশন প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোকাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: হুর জাহান বানু উর্মি।