
ইতিহাসের এমন কিছু মুহূর্ত আছে, যখন একটি জাতি নিজের সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ লাভ করে। জুলাই অভ্যুত্থান সেই ধরনের এক ঐতিহাসিক মুহূর্ত। জুলাই একটি নৈতিক ও রাজনৈতিক সন্ধিক্ষণ— যেখানে অতীতের ব্যর্থতা, বর্তমানের সঙ্কট এবং ভবিষ্যতের সম্ভাবনা একই সাথে উপস্থিত থাকে। তাই কোনো অভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য তার তাৎক্ষণিক সাফল্যে ধরা পড়ে না; বরং সমাজকে সভ্যতাগত দিগন্তের দিকে চালিত করতে পারার ক্ষমতায় তা নিহিত।
সরকার ফেলে দেয়া তুলনামূলক সহজ; কিন্তু নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা কঠিন। শাসক বদলানো সম্ভব, শাসনের মানসিকতা বদলানো কঠিন। সংবিধান সংশোধিত হতে পারে; কিন্তু ন্যায়বোধের বাস্তবতা থেকে যেতে পারে আগের মতোই; নতুন নেতৃত্ব আবির্ভূত হতে পারে; কিন্তু পুরনো ক্ষমতাচর্চার ভাষাই যদি অক্ষুণ্ন থাকে, তবে ইতিহাস কেবল নতুনরূপে পুনরাবৃত্ত হয়। ফলে একটি অভ্যুত্থানের সবচেয়ে গভীর প্রশ্ন ক্ষমতা কোন নৈতিক সীমার মধ্যে পরিচালিত হবে! সমাজ কোন মূল্যবোধকে ধারণ করবে! রাষ্ট্র-নাগরিক সম্পর্ক কোন ভিত্তির ওপর পুনর্গঠিত হবে!
এই কারণেই জুলাইকে একটি নৈতিক ও সভ্যতাগত প্রকল্প হিসেবে বিচার করতে হবে। এর সামনে যে দায়িত্ব উপস্থিত হয়েছে, তা কেবল রাষ্ট্রের পুনর্গঠন নয়; বরং মানুষের চেতনা, নাগরিকত্বের ধারণা, রাজনৈতিক সংস্কৃতি, ন্যায়বোধ এবং সামাজিক সহাবস্থানের ভাষার পুনঃনির্মাণ।
কারণ কোনো রাষ্ট্র শেষ পর্যন্ত তার আইন, প্রতিষ্ঠান কিংবা অর্থনীতির দ্বারা যতটা নির্ধারিত হয়, তার চেয়েও বেশি নির্ধারিত হয় মানুষের নৈতিক চরিত্র, পারস্পরিক আস্থা এবং ক্ষমতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গির দ্বারা।
অতএব, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— আমরা কেমন রাষ্ট্র চাই, তারও আগে আমরা কেমন সমাজ হতে চাই। যে সমাজ স্বাধীনতাকে দায়িত্বের সাথে, ক্ষমতাকে জবাবদিহির সাথে, অধিকারকে কর্তব্যের সাথে এবং ভিন্নমতকে সহাবস্থানের সাথে যুক্ত করতে পারে, কেবল সেই সমাজই একটি অভ্যুত্থানকে স্থায়ী ইতিহাসে রূপায়িত করতে সক্ষম।
সমাজকে কোথায় নিয়ে যেতে হবে
কোনো অভ্যুত্থান ইতিহাসের সমাপ্তি নয়। অভ্যুত্থান বহন করে ইতিহাস পুনর্পঠনের সুযোগ। যেকোনো অভ্যুত্থানকে যেতে হবে এমন সমাজের দিকে, যেখানে রাষ্ট্রের পরিবর্তনের চেয়ে মানুষের পরিবর্তন হবে বেশি গুরুত্বপূর্ণ। যদি সমাজের মানসিকতা, রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক ভিত্তি অপরিবর্তিত থাকে, তবে ক্ষমতার পালাবদল ঘটলেও ইতিহাসের পুনরাবৃত্তি থামবে না।
জুলাই ভয়ের বিপরীতে জয় এনেছে। এখন তার কাজ হলো— ভয়ের সংস্কৃতির দীর্ঘমেয়াদি অবসান ঘটিয়ে মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করা। দীর্ঘদিন ধরে ভয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি কার্যকর উপাদান হিসেবে কাজ করেছে। কিন্তু একটি মর্যাদাবান সমাজ গড়ে ওঠে তখনই, যখন নাগরিক রাষ্ট্রকে ভয় করে না, আবার রাষ্ট্রও নাগরিককে দুশমন ভাবে না। মানুষের প্রশ্ন করার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তাকে নাগরিকের জন্মগত মর্যাদা হিসেবে কায়েম করতে হবে। তবে এই রূপান্তর যেন প্রতিশোধ, বিদ্বেষ কিংবা নতুন ধরনের অসহিষ্ণুতায় পরিণত না হয়, সে দিকেও সমান সতর্ক থাকতে হবে।
জুলাইকে এরপর যে কাজটি করতে হবে, তা হলো— নীরব জনগোষ্ঠীকে স্থায়ী নাগরিকশক্তিতে রূপান্তর করা। অভ্যুত্থানের মুহূর্তে মানুষ রাজপথে আসে; কিন্তু রাষ্ট্র গড়ে ওঠে দৈনন্দিন নাগরিক অংশগ্রহণের মাধ্যমে। তাই জুলাইকে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে নাগরিকরা রাষ্ট্রের নীতিনির্ধারণ, স্থানীয় শাসন, সামাজিক উদ্যোগ এবং জনজবাবদিহির সক্রিয় অংশীদার হবে।
জুলাইকে নাগরিকত্বের ধারণার পুনঃনির্মাণ ঘটাতে হবে। নাগরিক হওয়া একটি নৈতিক দায়িত্ব। রাষ্ট্রকে প্রশ্ন করা, জনসম্পদ রক্ষা করা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া, আইনের শাসনের পক্ষে দাঁড়ানো এবং ভিন্নমতের অধিকারের প্রতি সম্মান নাগরিকত্বের অংশ হিসেবে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। সক্রিয় নাগরিকত্ব যেন নৈতিক উগ্রতায় পরিণত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। কোনো সমাজ তখনই পরিণত হয়, যখন সে প্রতিবাদ করতে যেমন শেখে, তেমনই শুনতেও শেখে; দ্বিমত পোষণ করতে যেমন পারে, তেমনি সহাবস্থানও রক্ষা করতে পারে।
জুলাইকে রাজনৈতিক পরিচয়ের নতুন ভাষা নির্মাণ করতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি দলীয় আনুগত্য, ঐতিহাসিক স্মৃতি কিংবা পরিচয়গত বিভাজনের ওপর দাঁড়িয়ে থেকেছে। রাজনীতিকে নৈতিকতার ভাষায় পুনর্গঠন করার সুযোগ রয়েছে জুলাইয়ের সামনে। এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, জবাবদিহি, সততা এবং জনকল্যাণ হবে রাজনৈতিক বৈধতার প্রধান মানদণ্ড। তবে এই নৈতিকতাও যেন আত্মনিষ্ঠায় রূপ না নেয়। যে নৈতিকতা আত্মসমালোচনা করতে জানে না, খুব দ্রুতই সে ক্ষমতার নতুন মতাদর্শে পরিণত হয়।
আন্দোলন ইতিহাসের দরজা খুলে দেয়; কিন্তু সেই দরজা দিয়ে ভবিষ্যৎ নির্মাণ করে শিক্ষা, গবেষণা, নীতি, প্রশাসন, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার এবং সামাজিক প্রতিষ্ঠান। তরুণদের ভূমিকা যদি কেবল আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে পরিবর্তনও ক্ষণস্থায়ী হবে। কিন্তু তারা যদি জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের দীর্ঘমেয়াদি পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করে, তবে জুলাই একটি নতুন রাজনৈতিক প্রজন্মের জন্ম দেবে।
কোনো জাতির ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ধারিত হয় রাজপথে নয়, জ্ঞানতন্ত্রে। যে সমাজ গবেষণায় অবহেলা করে, বিশ্ববিদ্যালয়কে দলীয় প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র বানায়, বুদ্ধিবৃত্তিকে সন্দেহের চোখে দেখে এবং নীতিনির্ধারণকে তথ্য ও প্রমাণের পরিবর্তে আবেগ এবং আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত করে, সে সমাজ দীর্ঘমেয়াদে নিজের সম্ভাবনাই সঙ্কুচিত করে।
কোনো বিপ্লবের অন্যতম দায়িত্ব হবে এমন একটি জ্ঞানসংস্কৃতি প্রতিষ্ঠা করা, যেখানে বিশ্ববিদ্যালয় স্বাধীন চিন্তার কেন্দ্র, গবেষণা রাষ্ট্রনীতির সহচর, বুদ্ধিবৃত্তিক মতপার্থক্য জাতীয় সম্পদ এবং সত্যের অনুসন্ধান রাজনৈতিক আনুগত্যের ঊর্ধ্বে স্থান পাবে। একটি সভ্য সমাজের শক্তি তার অস্ত্রের ভাণ্ডারে নয়; নিহিত থাকে তার চিন্তার গভীরতা, জ্ঞানের উৎপাদন এবং আত্মসমালোচনার সক্ষমতায় ।
রাষ্ট্রকে হতে হবে অংশগ্রহণমূলক
জুলাই যদি রাষ্ট্রের পুনর্গঠনের প্রকল্প হতে চায়, তবে তাকে প্রথমেই অংশগ্রহণমূলক রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করতে হবে। একুশ শতকের সমাজে মানুষ কেবল প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে নীরব হয়ে থাকতে চায় না; তারা নীতিনির্ধারণ, বাজেট, উন্নয়ন, শিক্ষা, পরিবেশ, স্থানীয় সরকার এবং জনসেবার প্রতিটি স্তরে নিজেদের মতামত ও অংশগ্রহণের সাংবিধানিক স্বীকৃতি প্রত্যাশা করে। ফলে জুলাইকে এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণের পথ দেখাতে হবে, যেখানে উন্মুক্ত তথ্য নাগরিকের অধিকার, জনশুনানি রাষ্ট্রের সংস্কৃতি, সামাজিক নিরীক্ষা জনজবাবদিহির প্রাতিষ্ঠানিক উপায় এবং ডিজিটাল প্রযুক্তি জনগণ ও রাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী সংলাপের অবকাঠামো হয়ে ওঠে।
কিন্তু অংশগ্রহণের ধারণারও পুনর্গঠন দরকার। রাষ্ট্র তাৎক্ষণিক জনআবেগের বন্দী হতে পারে না। সামাজিক মাধ্যমের প্রবণতা, সংখ্যাগরিষ্ঠের ক্ষণস্থায়ী আবেগ কিংবা সংগঠিত ডিজিটাল প্রচারণা সবসময় জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থের প্রতিফলন নয়। যদি প্রতিটি নীতি তাৎক্ষণিক জনচাপের কাছে আত্মসমর্পণ করে, তবে রাষ্ট্র জনতুষ্টিবাদী হয়ে ওঠে। জুলাইকে এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে, যেখানে জনগণ রাষ্ট্রের অংশীদার হবে; কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোও আইন, যুক্তি, বিজ্ঞান, সংবিধান ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের আলোকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বজায় রাখবে।
একই সাথে সমাজের অভ্যন্তরীণ আস্থার পুনর্গঠন ঘটাতে হবে। রাষ্ট্রের প্রতি আস্থা যেমন প্রয়োজন, তেমনি নাগরিকের প্রতি নাগরিকের আস্থাও একটি সভ্য সমাজের মৌলিক ভিত্তি। আমাদের সামনে এমন একটি সমাজ গড়ে তোলার দায়িত্ব রয়েছে, যেখানে মতের ভিন্নতা সম্পর্কের শত্রুতায় রূপ নেবে না, রাজনৈতিক পরিচয় সামাজিক সম্পর্ককে ধ্বংস করবে না এবং নাগরিকরা পরস্পরকে প্রতিদ্বন্দ্বী না হয়ে একটি অভিন্ন জাতীয় ভবিষ্যতের অংশীদার হিসেবে নিজেদের দেখবে।
ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে
আমাদের সামনে দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে কঠিন দায়িত্ব হবে রাষ্ট্রকে ন্যায়বিচারের ভিত্তির ওপর পুনর্গঠন করা। ইতিহাস সাক্ষ্য দেয়, বহু অভ্যুত্থান ক্ষমতা বদলাতে সক্ষম হয়েছে; কিন্তু খুব কম অভ্যুত্থান ন্যায়ের নতুন সংস্কৃতি নির্মাণ করতে পেরেছে। তাই বিচারকে রাজনৈতিক বিজয়ের ভাষা থেকে মুক্ত করতে হবে। বিচার হতে হবে অপরাধ, অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে, ব্যক্তি, দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়।
জুলাই যদি অর্থবহ বিপ্লবে পরিণত হতে চায়, তাহলে তাকে একটি বিচারব্যবস্থার ভিত্তি নির্মাণ করতে হবে, যেখানে নিহত, আহত, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে। যদি বিচার বিলম্বিত হয়, রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়ে; আর যদি বিচার পক্ষপাতদুষ্ট হয়, তবে রাষ্ট্রের নৈতিক ভিত্তিই ক্ষতিগ্রস্ত হয়।
এই কারণে জুলাইকে আইনের শাসনের চেয়েও গভীর একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। তা হলো— ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। তবে ন্যায়বিচারের অর্থ কেবল অপরাধীর শাস্তি নয়; ন্যায়ের অর্থ সত্য প্রতিষ্ঠা করা, ক্ষতিগ্রস্ত মানুষের মর্যাদা পুনরুদ্ধার করা এবং সমাজকে প্রতিহিংসার অনন্ত চক্র থেকে মুক্ত করা। একটি পরিণত রাষ্ট্র অতীতকে বিস্মৃত করে না, আবার অতীতের ক্ষতকেও ভবিষ্যতের স্থায়ী রাজনৈতিক অস্ত্রে পরিণত হতে দেয় না। তাই জুলাইকে এমন একটি ন্যায়সংস্কৃতি নির্মাণ করতে হবে, যেখানে সত্য উদ্ঘাটন, দায় নির্ধারণ, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং জাতীয় পুনর্মিলন একই নৈতিক ধারার অংশ হয়ে ওঠে। যে বিচার ভবিষ্যৎকে নিরাপদ করে না, সে বিচার ইতিহাসের ক্ষতকে দীর্ঘায়িত করে মাত্র।
সাংবিধানিক চেতনার পুনঃনির্মাণ
জুলাই যদি একটি নতুন রাষ্ট্রদর্শনের সূচনা করতে চায়, তবে সংবিধানকে একটি জীবন্ত সামাজিক চুক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের উদ্দেশ্য সংবিধানকে রক্ষা করা, আবার সংবিধানের উদ্দেশ্যও জনগণের স্বাধীনতা, মর্যাদা ও অধিকারের সুরক্ষা দেয়া। ফলে এই দুইয়ের মধ্যে একটি নৈতিক ঐক্য প্রতিষ্ঠা করাই হবে জুলাইয়ের কাজ।
এমন একটি সাংবিধানিক সংস্কৃতি নির্মাণ করতে হবে, যেখানে সংবিধান ক্ষমতাসীনদের রাজনৈতিক সুবিধার দলিল হবে না, আবার জনগণের ক্ষণস্থায়ী আবেগেরও হাতিয়ার হবে না। সংবিধানকে হতে হবে এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, যা মৌলিক অধিকার, ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন এবং নাগরিক স্বাধীনতাকে অটুট রাখবে। একই সাথে সমাজের পরিবর্তিত বাস্তবতার সাথে যুক্তিসঙ্গত অভিযোজনের পথও উন্মুক্ত রাখবে।
সাংবিধানিক সংস্কৃতির আরেকটি অপরিহার্য শর্ত হলো একটি পেশাদার, দক্ষ ও সেবামুখী প্রশাসন। রাষ্ট্রের সাথে নাগরিকের প্রতিদিনের সম্পর্ক গড়ে ওঠে আদালতের মাধ্যমে নয়, প্রশাসনের মাধ্যমে। যদি প্রশাসন ক্ষমতার অনুগত থাকে; কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধ না হয়, তবে সবচেয়ে উন্নত সংবিধানও বাস্তবে অর্থহীন হয়ে পড়ে। ফলে এমন একটি প্রশাসনিক সংস্কৃতি নির্মাণের ভিত্তি স্থাপন করতে হবে, যেখানে মেধা, সততা, দক্ষতা ও জনসেবার নৈতিকতা হবে প্রশাসনিক বৈধতার প্রধান মানদণ্ড।
রাজনৈতিক সভ্যতার পুনর্জাগরণ জরুরি
ক্ষমতার পরিবর্তন ইতিহাসে বহুবার ঘটেছে; কিন্তু রাজনৈতিক নৈতিকতার পরিবর্তন খুব কম ঘটেছে। যদি জুলাই সত্যিই একটি নতুন যুগের সূচনা করতে চায়, তবে তাকে এমন একটি রাষ্ট্রনৈতিক সংস্কৃতি নির্মাণ করতে হবে, যেখানে রাষ্ট্রের কেন্দ্র হবে নাগরিকের মর্যাদা, ক্ষমতার স্থায়িত্ব নয়।
এমন একটি রাজনৈতিক নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে আনুগত্যের পরিবর্তে জবাবদিহি হবে বৈধতার উৎস। কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান সমালোচনার ঊর্ধ্বে থাকবে না; কিন্তু সমালোচনাও হবে নৈতিক ও তথ্যনির্ভর। জবাবদিহি কেবল প্রতিপক্ষের জন্য নয়, নিজের জন্যও সমানভাবে প্রযোজ্য।
রাজনৈতিক সভ্যতার পুনর্জাগরণ কখনো কেবল সংসদ, সরকার বা রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; তা মানুষের দৈনন্দিন জীবনযাপনেও প্রতিফলিত হয়। একটি জাতির রাজনৈতিক সংস্কৃতি তার নাগরিক চরিত্রেরই সম্প্রসারিত রূপ। তাই এমন একটি সামাজিক নৈতিকতার পুনর্জাগরণ ঘটাতে হবে, যেখানে সততা ব্যক্তিগত গুণ নয়, সামাজিক প্রত্যাশা, শ্রমের মর্যাদা নিছক অর্থনৈতিক প্রয়োজন নয়, নৈতিক মূল্যবোধ; জনসম্পদ রক্ষা আইনভীতির কারণে নয়, নাগরিক বিবেকের কারণে এবং মতভেদ সামাজিক বিভক্তির কারণ নয়, সত্য অনুসন্ধানের স্বাভাবিক পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
তরুণদের আন্দোলনের শক্তি থেকে রাষ্ট্রনির্মাণের শক্তিতে রূপান্তরিত হতে হবে জুলাইকে। তরুণদের কেবল রাজপথে নয়, বিশ্ববিদ্যালয়ে, গবেষণাগারে, প্রশাসনে, বিচারব্যবস্থায়, স্থানীয় সরকারে, উদ্যোক্তা জগতে এবং জননীতির প্রতিটি স্তরে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। প্রজন্মগত পরিবর্তন তখনই অর্থবহ হবে, যখন তা রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটাবে।
একই সাথে অর্থনৈতিক ন্যায়ের নতুন ভিত্তি নির্মাণ করতে হবে। রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন মানুষের সামনে মর্যাদাপূর্ণ জীবনযাপনের বাস্তব সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্য, সুযোগের অসম বণ্টন, দুর্নীতি এবং বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর আধিপত্য নাগরিক আস্থাকে ক্ষয় করেছে। ফলে জুলাইকে এমন একটি অর্থনৈতিক সংস্কৃতির পথ দেখাতে হবে, যেখানে উৎপাদনশীলতা ও উদ্ভাবন উৎসাহিত হবে, প্রতিযোগিতা হবে ন্যায্য, সম্পদ অর্জনের পথ হবে স্বচ্ছ এবং রাষ্ট্রের অর্থনৈতিক নীতির কেন্দ্রবিন্দু হবে মানুষের সক্ষমতা বৃদ্ধি। অর্থনৈতিক ন্যায় ছাড়া রাজনৈতিক ন্যায়ও শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে যায়।
জুলাইয়ের বড় দায়িত্ব হলো রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করা, যে রাষ্ট্র ভুলত্রুটি অস্বীকার করবে না; বরং সংশোধনের শক্তিকে নিজের স্থায়িত্বের উৎসে পরিণত করবে। যে রাষ্ট্র পরিবর্তনকে ভয় পায়, সে রাষ্ট্র স্থবির হয়ে পড়ে।
রাষ্ট্রের পুনর্গঠন একটি প্রজন্মের কাজ হতে পারে; কিন্তু সভ্যতার পুনর্গঠন বহু প্রজন্মের সাধনা। আমাদের চাই এমন সমাজ, যেখানে জ্ঞান ক্ষমতার চেয়ে সম্মানিত, ন্যায় আইনের চেয়ে গভীর, সহযোগিতা বিভাজনের চেয়ে শক্তিশালী, আত্মসমালোচনা আত্মপ্রশংসার চেয়ে মূল্যবান এবং মানুষের মর্যাদা রাষ্ট্রের সর্বোচ্চ নৈতিক অঙ্গীকার হিসেবে প্রতিষ্ঠিত। এমনতরো সামাজিক পুনর্গঠনের প্রেরণা প্রত্যয় ও কর্মসূচি নিয়েই একটি অভ্যুত্থান বিপ্লবে রূপায়িত হতে পারে।
লেখক : কবি, গবেষক
71.alhafiz@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









