খুলনায় ৯ ঘণ্টায় ছয় স্থানে গুলি, আ’লীগ নেতা নিহত
মো: হালিমের নিহত হওয়ার খবরে হাসপাতালে স্বজনদের ভিড়। নয়া দিগন্ত
ads

খুলনায় ৯ ঘণ্টায় ছয়টি স্থানে গুলিবর্ষণের ঘটনায় মহানগরী ও নগর উপকণ্ঠে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো: হালিমকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব গুলির ঘটনা ঘটে। এর মধ্যে, রাত ৮টার দিকে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ওই আওয়ামী লীগ নেতা নিহত হন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এছাড়া, নগরীর দুটি বাড়ি, একটি রেস্টুরেন্ট ও আড়ংঘাটার একটি দোকান লক্ষ্য করেও গুলি চালানো হয়। তবে ফুলবাড়ী গেটে গুলির শব্দ শোনা গেলেও ঘটনা নিশ্চিত করতে পারেনি পুলিশ।   

এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে আওয়ামী লীগের জেলা সভাপতি হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কারা এবং কী কারণে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।

মঙ্গলবার দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি। চাঁদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চালু হয় নগরীর ‘দ্য পালংকি’ রেস্টুরেন্ট। তবে চালুর কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠানটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। 

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্না খলিফার দোকান লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন অবস্থান করছিলেন। তাদের কয়েকজন ক্যারম খেলছিলেন। তবে কেউ হতাহত হননি। মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। 

আড়ংঘাটা থানার ওসি মো: হালিমুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, রাত ৮টার পরে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে গুলির কোনো খোসা পাওয়া যায়নি এবং প্রত্যক্ষদর্শীরও সন্ধান মেলেনি।