রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে আ’লীগ নেত্রীকে সুবিধাজনক পদে পদায়নে তীব্র অসন্তোষ
আওয়ামী লীগের মিছিলে মেহজাবিন আক্তার মুক্তি। সংগৃহীত
ads

রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) রাজনৈতিক পরিচয় ও বিশেষ সুপারিশের ভিত্তিতে পদবি পরিবর্তন এবং সুবিধাজনক পদে পদায়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দফতরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মুক্তি। তিনি ইডিসিএলে ভান্ডার সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, গত সোমবার (২৩ নভেম্বর) তার পদবি পরিবর্তন করে ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক’ পদে পদায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে এমডি দফতরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস সুপারিশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন : শেখ হাসিনা প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্র ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, মেহজাবিন আক্তার মুক্তির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সভা-সমাবেশে তার সক্রিয় অংশগ্রহণের ছবি ও পোস্ট রয়েছে। তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টি সামনে আসার পর নিয়মিত পদোন্নতি বা পদায়নের প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় তাকে সুবিধাজনক পদে পদায়ন করা হয়েছে কি না, তা নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

বিশেষ করে ভান্ডার সাহায্যকারী পদ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক পদে পদায়নের ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়োগবিধি ও পদোন্নতির নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের পদবি পরিবর্তনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কর্মকর্তা-কর্মচারীদের মতে, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ কিংবা বিশেষ সুপারিশের পরিবর্তে প্রাতিষ্ঠানিক বিধিবিধান ও যোগ্যতাকে প্রাধান্য দেয়া উচিত। অন্যথায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা অভিযোগটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পদবি পরিবর্তন ও পদায়নের প্রক্রিয়া যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষযে জানতে চাইলে মেহজাবিন আক্তার মুক্তি বলেন, আমি রাজনীতি করলেও আমার পদায়ন সঠিক নিয়মেই হয়েছে।
 
পদায়নে ভূমিকা রাখা এমডি দফতরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।