
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ উদ্বোধন করেছেন। মস্কোর দাবি, রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এটিই প্রথম ডুবোজাহাজ। ২০৩০ সালের মধ্যে রুশ নৌবহরে আরো পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করার পরিকল্পনাও ঘোষণা করেছে ক্রেমলিন।
শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিম রাশিয়ার সেভেরোদভিনস্ক শহরে সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় নতুন ডুবোজাহাজ ‘পার্ম’-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। এর মধ্য দিয়ে ডুবোজাহাজটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে অনুষ্ঠানের এ দৃশ্য দেখা গেছে। আল জাজিরা, এএফপি ও রয়টার্স এ খবর জানিয়েছে।
পার্ম ডুবোজাহাজটি ইয়াসেন-এম শ্রেণির। এটি রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজগুলোর একটি। অনুষ্ঠানে পুতিন বলেন, ‘বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া এমন শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে সক্ষম। এসব অস্ত্রের পাল্লা ও গুরুত্ব বৈশ্বিক পর্যায়ের।’
পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় চলাচলের সক্ষমতার রয়েছে পারমাণবিক ডুবোজাহাজের। এ কারণে এগুলো নিজ দেশের ভূখণ্ডের ওপর শত্রুপক্ষের আক্রমণের পরেও সাগর থেকে পাল্টা হামলা চালাতে পারে। অর্থাৎ, কোনো দেশ প্রথমে পারমাণবিক হামলা চালালেও রাশিয়ার এসব ডুবোজাহাজ থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় থাকবে।
পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীর বহরে আরো পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। পার্মও একই শ্রেণির ডুবোজাহাজ। এসব ডুবোজাহাজ বিশ্বের ‘যেকোনো মহাসাগরীয় এলাকায়’ অভিযান চালাতে সক্ষম। এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যায় বলেও জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, নৌবাহিনীর আধুনিকায়নের কাজ অব্যাহত রাখবে মস্কো। একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলার জন্য যে পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনা সম্পূর্ণভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে বলে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন।
নতুন ডুবোজাহাজ যুক্ত করা এবং আগামী চার বছরের মধ্যে আরো পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ নির্মাণের পরিকল্পনা রাশিয়ার নৌ-সামরিক সক্ষমতা বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ। এতে পারমাণবিক প্রতিরোধব্যবস্থায় ডুবোজাহাজের ভূমিকাও আরো জোরালো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









