
ক্লাবের সাধারণ সভায় নিয়োগ অনুমোদিত হওয়ার পর শনিবার রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন টেনিসের অবসরপ্রাপ্ত সুপারস্টার রাফায়েল নাদাল।
২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে তার সম্পর্কও বেশ ঘনিষ্ঠ।
নাদাল বলেন, ‘আমি সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। যখন আমাকে সম্মানসূচক সদস্য করা হয়েছিল, সেটি ছিল আমার জন্য বিশেষ কিছু। আর আজকের এই নিয়োগ সেই পথচলায় আরো এক ধাপ এগিয়ে যাওয়া।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে এটি অনেক বড় দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে বাবা-মায়ের কাছ থেকে সন্তানের কাছে পৌঁছে যায়- এটি মানুষকে একত্র করে। আর এখন এই সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।’
সভাপতি পেরেজ বলেন, নাদালের নিয়োগ ভবিষ্যতেও ক্লাবের সাফল্য ধরে রাখতে সহায়তা করবে।
তিনি বলেন, ‘তার অন্তর্ভুক্তি কেবল অসাধারণ একজন ব্যক্তিত্বকে দলে নেয়া নয়; বরং এর অর্থ হলো, বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি আমাদের সাথে ভবিষ্যৎ গড়তে চান।’
‘আমি নিশ্চিত, তার উপস্থিতি আগামী প্রজন্মের জন্য আমাদের কাঙ্খিত রিয়াল মাদ্রিদ গড়ে তোলার কাজ অব্যাহত রাখতে সহায়তা করবে।’
৪০ বছর বয়সী নাদাল বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন।
২০২৩ সালে নাদাল বলেছিলেন, একদিন তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান। তবে ওই পদের জন্য তিনি যোগ্য কি না, তা জানেন না বলেও জানিয়েছিলেন।
এ বছর ক্লাবের নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রকাশিত খবর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন নাদাল। জুনে নির্বাচনে এনরিক রিকোয়েলমেকে হারিয়ে জয়ী হন পেরেজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









