নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। নয়া দিগন্ত
ads

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

​রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নাটোর জেলা কার্যালয়ের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তার প্রসিকিউশনে গাঁজা সেবনের অপরাধে মো: আলিফ (২৩) নামের এক যুবককে তিন মাসের ও বিকাশ (৪০) নামের অন্য এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের দায়ে মো: রাকিবুল নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ​

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি জনসম্মুখে নষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।