কেক কেটে ইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, (ডানে) আনন্দ শোভাযাত্রা
কেক কেটে ইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, (ডানে) আনন্দ শোভাযাত্রা। নয়া দিগন্ত
ads

প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্ণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।

জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ নভেম্বর) দিনটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হন বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন। একই সময়ে আবাসিক হলগুলোতেও জাতীয় ও হলের পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৯৭৯ সালের ২২ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তার বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। তবে দীর্ঘদিন ধরে সেই লক্ষ্য ও উদ্দেশ্য উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়টিকে ভিন্ন ধারায় পরিচালনার চেষ্টা করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপপরিচালক রাজিবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে ভিসি ও প্রো-ভিসির নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, আবাসিক হল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন সংগঠনের সদস্যরা নিজস্ব প্ল্যাকার্ড বহন করেন। রোভার স্কাউট গ্রুপের বাদ্যযন্ত্র পরিবেশনায় শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে পৌঁছায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বরে আলোকসজ্জা করা হয়। পাশাপাশি প্রধান সড়কগুলোতে আঁকা হয় আলপনা এবং টাঙানো হয় রঙিন পতাকা।