
দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান আইন যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাজ্যের পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক যৌথ কমিটি। এ কারণে সরকারকে এআই নিয়ে আলাদা আইন প্রণয়ন এবং একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের আহ্বান জানিয়েছে কমিটি।
মানবাধিকার ও এআই নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে কমিটির এসব প্রস্তাব উঠে এসেছে। তুরস্কের বার্তা সংস্থা আনদুলু রোববার (২২ নভেম্বর) আরো জানায়, প্রস্তাবিত আইনে ঝুঁকির মাত্রা বিবেচনায় এআই ব্যবস্থাগুলোকে শ্রেণিবদ্ধ করার কথা বলা হয়েছে। কোনো এআই ব্যবস্থার পুরো কার্যকালজুড়ে মানুষের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা বিবেচনা করে এই শ্রেণিবিন্যাস হবে। যেসব ব্যবস্থায় ঝুঁকি বেশি, সেগুলোর ওপর আরোপ করতে হবে আরো কঠোর বিধিনিষেধ ও দায়িত্ব।
কমিটি বলেছে, কোনো এআই ব্যবস্থা যদি ব্যক্তি, গোষ্ঠী বা জনগোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, তাহলে সেটি ব্যবহারের সময় এআই ব্যবহারের বিষয়টি স্পষ্ট করে জানাতে হবে। একই সাথে, ব্যবস্থাটি কীভাবে কাজ করে, তা-ও ব্যাখ্যা করতে হবে।
প্রস্তাবিত স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব হবে এআই-সংশ্লিষ্ট ঝুঁকি পর্যবেক্ষণ করা এবং সাধারণ মানুষের অভিযোগ জানানোর কেন্দ্রীয় ব্যবস্থা গড়ে তোলা। এ ছাড়া আচরণবিধি, স্বচ্ছতার বাধ্যবাধকতা এবং অনিয়মের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষমতাও থাকবে সংস্থাটির। এ ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









