
সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে রাতের আঁধারে চালান ছাড়া হাঁস বিক্রির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) জারি করা অফিস আদেশে তাদেরকে বরখাস্ত করা হয়।
প্রাণিসম্পদ অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো: শাহজামান খান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(ঘ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন সিরাজগঞ্জ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মোছা: সায়লা শারমীন ও পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মোছা: শাকিলা পারভীন।
এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামে অবস্থিত সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে একটি মিনি ট্রাকযোগে হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। এ সময় চালক হাঁস পরিবহনের কোনো বৈধ চালান দেখাতে পারেননি।
ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক সায়লা শারমীন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চালান ছাড়া রাতে হাঁস বিক্রি আইনবহির্ভূত বলে স্বীকার করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, এ ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাণিসম্পদ অধিদফতর। এছাড়া, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: আরিফ হোসেন নামে ওই খামারের এক কর্মীকে সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









