
২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
রোববার (৮ নভেম্বর) শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশের সেমিফাইনালের পথ খুলে গেছে।
রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা ও ভুটান।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে হচ্ছে ভুটানকে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
সমীকরণটা ছিল সহজ— শ্রীলঙ্কার কাছে ভুটান হারলেই কিংবা ম্যাচটি ড্র হলেই শেষ চারে উঠবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ড্র হওয়ায় সেই অপেক্ষাও ফুরিয়েছে।
এবার গ্রুপ সেরা হওয়ার লড়াই। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় পেলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের।
এদিকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








