নেইমার, সান্তোস
বাবার সাথে নেইমার। সংগৃহীত

ব্রাজিলের ক্লাব সান্তোসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। শুক্রবার ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।

Advertisement

ছেলের ক্যারিয়ার পরিচালনায় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন নেইমার সিনিয়র। তিনি এনআর স্পোর্টসের প্রতিষ্ঠাতা। এই এজেন্সির কাছে সান্তোসের ফরোয়ার্ড নেইমারের নাম ও ছবির স্বত্ব রয়েছে।

আরো পড়ুন—সাংবাদিককে অসম্মান : অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

Advertisement

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকবে। তবে আগামী মাসে সান্তোসের সভাপতি মার্সেলো তেইশেইরা পুনঃনির্বাচিত হলে নেইমার সিনিয়র এই পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বর্তমানে নবম স্থানে রয়েছে সান্তোস। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

নতুন নিয়োগের ঘোষণা দিয়ে তেইশেইরা বলেন, ক্লাবের অবস্থার উন্নতি এবং ব্যবস্থাপনা কাঠামো আরো শক্তিশালী করতে তারা কাজ করে যাচ্ছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সান্তোসের পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করতে আমরা প্রতিদিন বিভিন্ন সমাধান ও বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি।’

‘নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান এই প্রক্রিয়ায় আরো একটি পদক্ষেপ। তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারব এবং সম্মিলিতভাবে আরো শক্তিশালী একটি ক্লাব গড়ে তুলতে পারব বলে আশাবাদী।’

বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলা নেইমার ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন।

১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখনো শীর্ষে রয়েছেন তিনি।

চলতি বছরের উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডেও ছিলেন এই ফরোয়ার্ড।

তবে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, জাতীয় দলের হয়ে আর খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগে নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের হারের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছিলেন নেইমার।