
ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা আসার পর থেকেই আলোচনায় পর্তুগাল কোচ জর্জে জেজুস। রোনালদোর বিদায়ের আগে দুইজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তবে পর্তুগাল কোচের দাবি, এই বিদায়ের জন্য তাকে দায়ী করা যায় না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোলের বর্ণাঢ্য অধ্যায়ের শেষ হয়। তার বিদায়ের পর প্রথমবারের মতো দল ঘোষণা করেন জেজুস।
সংবাদ সম্মেলনে অবশ্য নতুন দল নিয়ে আলোচনার চেয়ে রোনালদোর অবসরই বেশি গুরুত্ব পায়। তবে বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন জেজুস।
তিনি জানান, ‘কোচ হিসেবে তার সব সিদ্ধান্তই ছিল দলের স্বার্থ বিবেচনায়। নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। কারো প্রতি ব্যক্তিগত ক্ষোভও নেই বলে জানান পর্তুগাল কোচ।’
রোনালদোর অবসরের সিদ্ধান্তের কথা আগে থেকে জানতেন না বলেও দাবি করেছেন জেজুস। তার ভাষায়, ‘সবাই যখন জানতে পারল, আমিও তখনই জেনেছি। এর আগে আমি কিছুই জানতাম না। সে খেলছিল, গোল করছিল; আমার স্কোয়াডের খেলোয়াড়দের একজন ছিল সে।’
সেপ্টেম্বরের শেষ দিকে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগে অনুমতি ছাড়াই পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। এরপর আর ক্যাম্পে ফেরেননি তিনি। পরে রোনালদো অভিযোগ করেন, ‘কোচ জেজুস তাকে দেয়া কথা না রাখায় ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।’
সেই ঘটনা থেকেই দুইজনের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে আসে।।তবে রোনালদোর সাথে এরপর আর যোগাযোগ করেননি বলে জানিয়েছেন জেজুস।
এমতাবস্থায় রোনালদোর বিদায়ের জন্য নিজেকে দায়ী মনে করেন কি না? এমন প্রশ্নে কোচের জবাব, ‘না... হয়তো আমি ভালোমতো না ভেবে কাজটা করে ফেলেছিলাম, তবে এখানে আমার দোষ ছিল না।’
এদিকে রোনালদোকে যথাযথ সম্মান জানিয়ে বিদায় দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। শুক্রবার (৬ নভেম্বর) ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা বলেছেন, ‘দেশের ফুটবলে রোনালদোর অবদানকে উদ্যাপন করতে সম্ভাব্য সবকিছুই করা হবে। তবে বিদায়ী কোনো ম্যাচে খেলতে রোনালদো রাজি হবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।’
রোনালদোবিহীন নতুন পথচলায় এই মাসে উয়েফা নেশন্স লিগে ওয়েলস ও ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। ঘোষিত দলে সাতজন নতুন মুখ রেখেছেন জেজুস, যাদের পাঁচজনই অনূর্ধ্ব-২১ দল থেকে উঠে এসেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








