
চট্টগ্রাম ব্যুরো
সংলাপের নামে দাবি বাস্তবায়নে কোনো টালবাহানা না করে জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে মহানগর এনসিপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশে বিএনপি, জামায়াত বা এনসিপি বলে কোনো দলাদলি থাকবে না; বরং ১৮ কোটি মানুষ এক হয়ে যাবে। তার অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে সেখান থেকে উন্নত অস্ত্র কিনে সীমান্তে বাংলাদেশের দিকে তাক করে রেখেছেন। বাংলাদেশকে গাজা বানানোর স্বপ্ন দেখলে ১৮ কোটি মানুষ ভারতের দিকে পদযাত্রা করবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আলেম-ওলামারা এক আল্লাহ ছাড়া কারো আধিপত্য মেনে নেবেন না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি সীমান্ত থেকে ভারতীয় প্রভাব দূর করতে হবে। বিএনপির সমালোচনা করে পাটোয়ারী অভিযোগ করেন, এনসিপি ধৈর্য ধরে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানালেও বিএনপি তাদের কথা না শুনে আওয়ামী লীগের কথা শুনেছে এবং দলটির সাথে ব্যবসাবাণিজ্য করেছে।
এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত। এ সময় খান তালাত মাহমুদ রাফি, সাগুফতা বুশরা মিশমা ও জোবাইরুল হাসান আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









