
আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেভিয়াকে শুরু থেকেই চাপে রেখে একের পর এক আক্রমণ সাজিয়েছে তারা। আর সেই আক্রমণের ধারেই ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেন তিনি।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন আর্দা গুলের ও দিয়োমান্দে। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান ছয়ে নামিয়ে এনেছে রিয়াল।
ভিনিসিয়ুস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না। তার অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্বটা ভালোভাবেই সামলেছেন এমবাপ্পে ও গুলের। সেই ধারাবাহিকতায় ৩০তম মিনিটে দিয়োমান্দের পাস থেকে সেভিয়ার জালে বল পাঠান গুলের।
গোলের আগে অবশ্য গুলেরকে ঘিরে লাল কার্ডের দাবিও তুলেছিল সেভিয়া, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায়নি। উল্টা ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। জুড ব্যালিংহামের সহায়তায় গোল করেন তিনি। প্রথমার্ধেই ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেভিয়া। ফেদেরিকো ভালভার্দে গুরুত্বপূর্ণ সময়ে ফেলিক্স কোরেইয়ার বিপজ্জনক শট ঠেকিয়ে দেন। এরপর রিয়াল আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। এমবাপ্পেকে আটকাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন আন্দ্রেস কাস্ত্রিন।
পেনাল্টি থেকে ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে। শেষ ১০ মিনিটে অবশ্য সেভিয়া ১ গোল শোধ করে। ব্যবধান কমান বদলি খেলোয়াড় মানু বুয়েনো।
তবে দুই মিনিট পরই দিয়োমান্দের দুর্দান্ত শটে ম্যাচের সব অনিশ্চয়তা শেষ হয়ে যায়। ৪-১ ব্যবধানের এই জয়ে ৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ২১। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ, আর ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সেভিয়ার পয়েন্ট ১৪।
এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় জয় পেল রিয়াল। তবে জয়ের আনন্দের সাথে আরো বড় উপলক্ষও সামনে। আগামী রোববারই লা লিগার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।
ম্যাচটির আগে রিয়ালের জন্য আরো একটি স্বস্তির খবর, দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এদের মিলিতাও। হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর এপ্রিল থেকে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যাচের ৮৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








