
রংপুর বিভাগের আট জেলা দিয়ে বয়ে যাওয়া ৪৫টি নদ-নদীর ক্রমান্বয়ে নাব্যতা হ্রাস পাওয়ার যে চিত্র সংবাদমাধ্যমে উঠে এসেছে, তা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়। এটি পুরো দেশের অর্থনীতি, জীববৈচিত্র্য এবং জনজীবনে এক গভীর অশনিসঙ্কেত। মূলত অভিন্ন এসব নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহর করায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছে।
রংপুর অঞ্চলের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, করতোয়া, মহানন্দা, ইছামতিসহ প্রধান প্রধান নদীতে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। নদীকেন্দ্রিক আগের জীবনযাত্রার বড় আকারে পরিবর্তন ঘটেছে। বিশেষ করে এ অঞ্চলের পরিবেশের অবনতি উদ্বেগজনক।
বাংলাদেশের সাথে ভারতের ৫৪টি অভিন্ন নদী থাকলেও মাত্র দু’টি নিয়ে দ্বিপক্ষীয় পানিবণ্টন চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ঢাকা-দিল্লির মধ্যে ‘গঙ্গা পানিবণ্টন চুক্তি’ স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এছাড়া ২০২২ সালের ৬ সেপ্টেম্বর দু’দেশের মধ্যে কুশিয়ারার পানি নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সহযোগী একটি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ অঞ্চলের নদ-নদীতে পানি না থাকায় ইতোমধ্যে ছয় শতাধিক ঘাট বন্ধ হয়ে গেছে। পানির পর্যাপ্ত প্রবাহ না থাকায় নদ-নদীতে অতিরিক্ত পলি জমছে। এর প্রভাবে হাজারো জেলে, মাঝি ও নদীপাড়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। পেশা বদল করতে বাধ্য হচ্ছেন তারা। শুধু কর্মসংস্থান নয়, নৌপথ বন্ধ হওয়ায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে। পরিবহন খরচ বেড়ে গেছে। সামগ্রিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
রংপুর অঞ্চলে যে পরিমাণ পানি ভারত থেকে আসে, তার একটি বিশাল অংশ এই বিভাগের নদ-নদী দিয়ে প্রবাহিত হয়। শুষ্ক মৌসুমে ভারতে একতরফা পানি প্রত্যাহারে দিন দিন এ অঞ্চলের নদীগুলোর প্রবাহ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। তবে নদীর নাব্যতা ঠিক রাখতে সময়মতো খননকাজও করা হচ্ছে না।
তিস্তার পানিসঙ্কট দীর্ঘায়িত হওয়ায় নদীটির অববাহিকায় বসবাসরত লাখ লাখ মানুষের জীবনে করুণ অবস্থা তৈরি হয়েছে। আশার কথা, সরকার তিস্তা মহাপরিকল্পনাসহ নদ-নদীর নাব্যতা ফেরাতে কিছু উদ্যোগ ও পরিকল্পনার কথা বলছে। তবে পরিকল্পনা নিয়ে দীর্ঘসূত্রতা একসময় যেন নদীর মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। নদীমাতৃক বাংলাদেশে নদী বাঁচলে কৃষি অর্থনীতি, ভূগর্ভস্থ পানির স্তর এবং প্রাণবৈচিত্র্য রক্ষা পাবে।
রংপুর অঞ্চলের নদ-নদীর নাব্যতা সঙ্কট নিয়ে উজানের দেশ ভারতের সাথে আলাদা করে আলাপ-আলোচনা দরকার। কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরদার উদ্যোগ দরকার। তবে খননের বিষয়েও মনোযোগ দিতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন ও চরের পলি অপসারণ করতে হবে। কর্মহীন হয়ে পড়া জেলে ও মাঝির জন্য বিশেষ প্রণোদনা ও টেকসই বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ সরকারিভাবে নেয়া দরকার।
এই সময়ে আমাদের জাতীয় কর্তব্যের অন্যতম হলো— তিস্তা মহাপরিকল্পনাসহ অন্যান্য আঞ্চলিক নদীগুলোর সুরক্ষায় সর্বোচ্চ নজর দেয়া। নদী রক্ষাকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করে দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে জোরালো কার্যক্রম গ্রহণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








