
আগামী চার বছরের জন্য ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলের সভায় পরিকল্পনাটি অনুমোদনের জন্য তোলা হবে। সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির নির্বাহী পরিষদের অন্য ৩৬ সদস্য উপস্থিত থাকবেন।
২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০২৬ বিশ্বকাপ থেকে পাওয়া বিপুল বাণিজ্যিক আয়ের পর ফিফার আর্থিক সঞ্চয়ের একটি অংশ ব্যবহার করা হবে। এই তহবিল থেকে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ দেয়া সম্ভব হবে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রথম এই পরিকল্পনার খবর প্রকাশ করে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার প্রতিটি সদস্য ফেডারেশন ২ কোটি ৫০ লাখ ডলার করে পাবে।
এই অর্থের পরিমাণ ফিফা সভাপতি ইনফান্তিনোর দুই প্রধান সমালোচক ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার প্রধান আলেকসান্দার সেফেরিন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানির প্রস্তাবিত ১ কোটি ডলারের চেয়ে অনেক বেশি।
বিশ্ব ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে চলমান সঙ্কটের মধ্যে বৃহস্পতিবারের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৮ এপ্রিলের পর এটিই ফিফা কাউন্সিলের প্রথম সভা।
চলতি গ্রীষ্মে ফিফার মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন ইনফান্তিনো। এরপর থেকেই বিশ্ব ফুটবলে প্রশাসনিক সঙ্কট আরো গভীর হয়।
তবে ফুটবলবিশ্বের ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এ ক্ষেত্রে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নেতৃত্ব দিয়ে বিরোধিতা করে।
সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংস্কারের লক্ষ্যে সদস্য ফেডারেশনগুলোর সাথে পরামর্শ প্রক্রিয়া শুরু করেন ইনফান্তিনো। তিনি জানান, বৃহস্পতিবারের কাউন্সিল সভাতেই সংস্কারের প্রাথমিক প্রস্তাবগুলো পর্যালোচনা করা হতে পারে।
৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে রয়েছেন। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারো সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখন পর্যন্ত তার বিরোধীরা ঐকমত্যের ভিত্তিতে কোনো প্রার্থী বেছে নিতে পারেননি।
সেফেরিন উয়েফার সভাপতি পদে নতুন মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্টাগলিয়ানিও কনকাকাফের প্রধান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারেন।
সভাপতি পদে প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় ১৮ নভেম্বর। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








