
সর্বকালের সেরা ফুটবলার কে—এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার দাবি, পরিসংখ্যানই বলে দেয় ইতিহাসের সেরা কে। আর সেই বিচারে নিজের চেয়ে এগিয়ে কাউকে দেখেন না তিনি।
সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি ৯২০, ৯২৫ বা ৯৩০টি গোল যা-ই করি না কেন, আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়, কথা শেষ। পরিসংখ্যানই সব বলে দেয়।’
পেশাদার ফুটবলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১ হাজার ৩৩৮ ম্যাচে ৯৮১ গোল করেছেন রোনালদো। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘সেটি হবে দারুণ অর্জন।’
তবে এ লক্ষ্য নিয়ে খুব বেশি দূর পর্যন্ত ভাবছেন না। তার আক্ষেপ, বর্তমান ফর্ম ও গোলের রেকর্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না অনেকে।
রোনালদো বলেন, ‘মানুষ আমার বর্তমান ফর্ম ও গোলগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।’
নিজেকে ইতিহাসের সেরা বলার পাশাপাশি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়ও মনে করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসি, পেলে কিংবা ডিয়েগো ম্যারাডোনাকে অন্য কেউ এগিয়ে রাখলে তাতে আপত্তি নেই তার। তবে নিজের পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি মানতে নারাজ রোনালদো।
তিনি বলেন, ‘কেউ যদি মেসি, পেলে বা ম্যারাডোনাকে বেশি পছন্দ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তা শ্রদ্ধা করি। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড় নন—এমন কথা মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
২০০২ সালে স্পোর্টিংয়ের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে খেলেছেন রোনালদো। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে বহু অর্জন থাকলেও বিশ্বকাপ শিরোপা এখনো জেতা হয়নি তার।
ফুটবল থেকে অবসরের সময় নিয়েও নিশ্চিত নন রোনালদো। গত আগস্টে চলতি মৌসুম শেষে বিদায়ের সম্ভাবনার কথা বলেছিলেন তিনি। এবার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো কোনোদিন ঘুম থেকে উঠে নিজের মাঝে আর খেলার আগ্রহ পাবো না। আসলে কিছুই বলা যায় না।’
এদিকে সাক্ষাৎকারটি প্রকাশের কয়েক ঘণ্টা পর সিএনএনের ওয়েবসাইট থেকে লেখাটি সরিয়ে ফেলা হয়। তবে কেন সেটি সরানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিরতির সময় পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসা নিয়ে বিতর্কে জড়ান রোনালদো। এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








