
পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অধ্যায় এখনই শেষ হচ্ছে না। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করা ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই উয়েফা নেশন্স লিগের স্কোয়াড সাজিয়েছেন নতুন কোচ হোর্হে জেসুস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেন জেসুস। সেখানে জায়গা হয়েছে রোনালদোরও। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলা আলোচনায় আপাতত ইতি টানলেন নতুন কোচ।
বিশ্বকাপের শেষ ১৬-তে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়েন রবার্তো মার্তিনেজ। তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন জেসুস। দায়িত্ব নেয়ার পরই রোনালদোকে নিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার দল ঘোষণার মাধ্যমে সেই অবস্থানই স্পষ্ট করলেন ৭২ বছর বয়সী এই কোচ।
রোনালদো অবশ্য আগেই জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে ঠিক কবে অবসর নেবেন, সেটি জানাননি তিনি। ফলে ২০২৮ সালের ইউরোতে তাকে দেখা যাবে কি না, সেই প্রশ্ন এখনো খোলা। ওই সময় রোনালদোর বয়স হবে ৪৩ বছর।
জেসুসের সাথে রোনালদোর পরিচয়ও নতুন নয়। গত মৌসুমে আল নাসরে তার অধীনেই লিগ শিরোপা জিতেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের ক্লাব ফুটবলেও দীর্ঘ কোচিং অভিজ্ঞতা রয়েছে জেসুসের। বেনফিকা ও স্পোর্টিং লিসবনের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পর্তুগালের জার্সিতে রোনালদোর প্রভাবও এখনো পরিসংখ্যানেই স্পষ্ট। পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী এই ফরোয়ার্ড পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। দেশের হয়ে তার গোলসংখ্যা ১৪৬। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
নতুন কোচের অধীনে নেশন্স লিগের অভিযান শুরু হবে ২৪ সেপ্টেম্বর। ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের পথচলা। তিন দিন পর নরওয়ের মাঠে খেলবে তারা। এরপর ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ অক্টোবর ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে জেসুসের দল।
সব মিলিয়ে বিশ্বকাপের পর রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ বিশ্বকাপ খেলে ফেললেও পর্তুগালের জার্সিতে এখনো মাঠে থাকার সুযোগ পাচ্ছেন ৪১ বছর বয়সী মহাতারকা।
পর্তুগালের ২৫ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক : দিয়োগো কোস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার : গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, নুনো তাভারেস, নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো।
মিডফিল্ডার : ব্রুনো ফার্নান্দেস, জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, বের্নার্দো সিলভা।
ফরোয়ার্ড : ক্রিশ্চিয়ানো রোনালদো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও।







