স্পেন, আগাম, নির্বাচন, ভোটগ্রহণ,
প্রতীকী ছবি। সংগৃহীত
ads

 

স্পেনে আগাম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন লাখো মানুষ। রোববার স্থানীয় সময় সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক দল পিএসওই এবার রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে পিপিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে।

দেশটির পার্লামেন্টে আবাসন আইনে পরিকল্পিত পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর নির্ধারিত সময়ের আট মাস আগেই নির্বাচনের ডাক দেন সানচেজ। জনমত জরিপে তার দল প্রতিদ্বন্দ্বী আলবের্তো নুনিয়েস ফেইহোর পিপি দলের চেয়ে সামান্য পিছিয়ে রয়েছে। তবে শুক্রবার সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সানচেজ।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রাথমিক ফল প্রকাশ শুরু হতে পারে। এরপর রাতভর ভোট গণনা শেষে মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আবাসনসংকট। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে বাসা না পাওয়ার সমস্যা। জীবনযাত্রার বাড়তি ব্যয় ও অভিবাসনও প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ স্পেনের রাজনীতিতে টিকে থাকার দক্ষতা দেখিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি বেড়েছে। গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরোধিতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি আলোচনায় এসেছেন।

তবে দেশের ভেতরে আবাসনসংকটের পাশাপাশি দুর্নীতির কেলেঙ্কারি এবং দুটি প্রাণঘাতী রেল দুর্ঘটনা তার জনপ্রিয়তায় আঘাত হেনেছে। তার দল পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেলেও বামপন্থীদের নিয়ে জোট সরকার গঠন করা কঠিন হতে পারে।

অন্যদিকে, ফেইহোর দল সরকার গঠনের সুযোগ পেলে ভক্স পার্টির সমর্থন নিতে হবে। সান্তিয়াগো আবাসকাল নেতৃত্বাধীন দলটির সাথে ইতিমধ্যে স্পেনের চারটি অঞ্চলে ক্ষমতা ভাগাভাগি করেছে পিপি। তবে জাতীয় সরকারে ভক্সের অংশগ্রহণ স্পেনের রাজনীতি এবং ইউরোপের ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

ভক্সের নীতির মধ্যে রয়েছে ‘জাতীয় অগ্রাধিকার’। এর অর্থ, সামাজিক নিরাপত্তাসহ রাষ্ট্রীয় সুবিধা দেয়ার ক্ষেত্রে স্পেনের নাগরিকদের অগ্রাধিকার দেয়া। এ ছাড়া অর্থনীতিতে অবদান রাখছে না বলে বিবেচিত বিদেশিদের দেশ থেকে ফেরত পাঠানোর নীতিও সমর্থন করে দলটি। সমালোচকেরা ভক্সের আদর্শে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলের কিছু বৈশিষ্ট্যের ছাপ দেখেন। তবে দলটি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার স্পেনজুড়ে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। শনিবার ছিল প্রচারবিহীন ঐতিহ্যবাহী ‘ভাবনার দিন’। এদিন নির্বাচনী প্রচার চালানোর ওপর নিষেধাজ্ঞা থাকে।