
চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী পর্ব আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হতে যাচ্ছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা ‘তাস’-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সাথে এক বৈঠকে পুতিন জানান, তিনি সেই রুশ প্রতিনিধি দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন, যারা বৈঠকের জন্য আবুধাবিতে যাচ্ছেন।
‘তাস’-এর প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা পরিষদের এই বৈঠকে ভ্লাদিমির মেদিনস্কি, ইগর কোস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন।
রুশ বার্তাসংস্থা ‘রিয়া নভোস্তি’-এর তথ্য অনুযায়ী, পুতিন বলেন, ‘যেহেতু মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই আমি সেই সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছি যারা এই আলোচনায় অংশ নেবেন।’
এই বৈঠক দুই দিন ধরে চলবে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম।
এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো নিরাপত্তা নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, মানবিক বিষয়াবলি এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছে।
ক্রেমলিনও এই আলোচনায় রুশ প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








