
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ফিল সিমন্সের বিদায় প্রায় নিশ্চিত। চুক্তির মেয়াদ আরো এক বছর থাকলেও আগেভাগেই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার দুপুর ২টার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পঞ্চম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির একটি হতে পারে জাতীয় দলের প্রধান কোচ পরিবর্তন।
শোনা যাচ্ছে সিমন্সকে বিদায় জানাতে চুক্তি অনুযায়ী তিন মাসের বেতন ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত বোর্ড। আজ মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভাতেই সিমন্সের বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসতে পারে।
বোর্ডের ভেতরে সিমন্সকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরেই। সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতা সেই অসন্তোষ আরো বাড়িয়েছে। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই তার দায়িত্বের ইতি টানতে চায় বোর্ড।
সিমন্সের অধীনে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কিছু ইতিবাচক ফল পেলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাশা পূরণ করতে পারছে না দল।
আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১০ ম্যাচ জয়হীন থাকার পর দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ফলে প্রধান কোচ হিসেবে সিমন্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বোর্ডের নীতিনির্ধারকদের মাঝে।
শুধু মাঠের ফল নয়, দলের ভেতরে শৃঙ্খলা ও খেলোয়াড়দের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিসিবি ড্রেসিংরুমে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারবেন—এমন একজন কোচ চায়।
এ কারণেই সিমন্সের চুক্তির মেয়াদ বাকি থাকলেও তাকে সরিয়ে দেয়ার চিন্তা করছে বোর্ড।
২০২৪ সালের ১৫ অক্টোবর বাংলাদেশ দলের দায়িত্ব নেন সিমন্স। শুরুতে তার সাথে চুক্তি ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। পরে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।
কিন্তু এখন চুক্তির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা না করেই তাকে বিদায় জানানোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বিসিবি। এ জন্য চুক্তির শর্ত অনুযায়ী তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে হলেও তাতে আপত্তি নেই বোর্ডের।
এদিকে সিমন্সের বিকল্প খোঁজার কাজও শুরু করেছে বোর্ড। সম্ভাব্য কোচদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও আফগানিস্তানের সাবেক প্রধান কোচ জোনাথন ট্রট। পাশাপাশি পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকেও দুইজন আলোচনায় আছেন বলে জানা গেছে।
তবে নতুন কোচ নিয়োগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। কোচ নিয়োগের বিষয়টি সরাসরি দেখছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে এর সবকিছুই এখনো অনানুষ্ঠানিক, বিসিবি স্পষ্ট করে এখনো জানায়নি কিছু।
প্রধান কোচের ভবিষ্যৎ ছাড়াও সভায় দেশের ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট অ্যাকাডেমি চালু, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব ও অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতি রয়েছে আলোচ্যসূচিতে।
এছাড়া কয়েকটি বিভাগের চেয়ারম্যান পদে পরিবর্তন, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নারী দলের আসন্ন সিরিজ এবং নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েও আলোচনা হওয়ার কথা। সব মিলিয়ে আজকের বোর্ড সভা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









