হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা
হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন গতরাতে একে অপরের ওপর হামলা চালিয়েছে। এতে ইউক্রেনে শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর ধারাবাহিক হামলায় তিনজন আহত হয়েছেন। এসব হামলায় আবাসিক ভবন, বিভিন্ন স্থাপনা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপোরিঝিয়ায় একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় একজন আহত হন।

ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, সেখানে রুশ বাহিনী বেসামরিক অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এতে আবাসিক এলাকা, একটি শিল্পপ্রতিষ্ঠান, স্টোরেজ ট্যাঙ্ক ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি