

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে আরো একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মার্কিন বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিংয়ে শাহরুখের অবস্থান ৯২তম।
বিশ্বের বিভিন্ন প্রজন্ম ও চলচ্চিত্র শিল্পের যেসব অভিনেতা-অভিনেত্রী তাদের অসামান্য অভিনয় ও পর্দায় উপস্থিতির মাধ্যমে জনপ্রিয় সংস্কৃতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন, তাদের নিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে।
যে কারণে তালিকায় স্থান পেলেন কিং খান
ভ্যারাইটির সমালোচকদের তৈরি এই র্যাঙ্কিংয়ে কেবল বক্স অফিসের সাফল্য বা জনপ্রিয়তার জরিপ নয়, বরং পর্দায় উপস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাবের মতো বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
শাহরুখ খানের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতিনিধিত্বকারী ‘অবশ্যই দেখার মতো’ চলচ্চিত্র হিসেবে ভ্যারাইটি বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ২০০২ সালের কালজয়ী সিনেমা ‘দেবদাস’-কে।
এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে খ্যাতিমান কিংবদন্তি—মেরিলিন মনরো, চার্লি চ্যাপলিন, টম ক্রুজ এবং জ্যাক নিকলসনের মতো মহাতারকাদের সাথে এক সারিতে জায়গা করে নিলেন শাহরুখ।

অস্কারজয়ী হলিউড তারকাদের পেছনে ফেললেন শাহরুখ
৯২তম স্থানে থেকে শাহরুখ খান হলিউডের একাধিক অস্কারজয়ী ও জনপ্রিয় তারকাকে পেছনে ফেলেছেন। তালিকায় তিনি হোয়াকিন ফিনিক্স (৯৩তম), এমা স্টোন (৯৪তম) এবং জেনডায়ার (৯৮তম) চেয়ে এগিয়ে রয়েছেন।
এ ছাড়াও সমসাময়িক তারকাদের মধ্যে রবার্ট প্যাটিনসন (৮৩তম), কেট উইন্সলেট (৮৪তম), টিমোথি শ্যালামে (৮৬তম) এবং নিকোলাস কেজের (৮৯তম) মতো অভিনয়শিল্পীদের পাশাপাশি স্থান পেয়েছেন তিনি।
তালিকায় থাকা অন্যান্য এশীয় তারকা
শাহরুখ ছাড়াও এই তালিকায় এশীয় অভিনয়শিল্পীদের মধ্যে জায়গা পেয়েছেন জাপানি অভিনেতা তোশিরো মিফুনে (৯ম স্থান) এবং মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি (৫৩তম স্থান)।
ভ্যারাইটির সেরা দশের তালিকায় যারা আছেন
ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট এবং চার্লি চ্যাপলিন। চতুর্থ স্থানে থাকা জ্যাক নিকলসন জীবিত তারকাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।
এ ছাড়া সেরা দশের তালিকায় আরও রয়েছেন ক্যাথরিন হেপবার্ন (৫ম), সিডনি পোয়াটিয়ে (৬ষ্ঠ), মার্লোন ব্র্যান্ডো (৭ম), টম ক্রুজ (৮ম), তোশিরো মিফুনে (৯ম) এবং বারবারা স্ট্রাইস্যান্ড (১০ম)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









