
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। একইসাথে অনুষ্ঠানস্থলে স্টল ভাঙচুর এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।
গুলশান শুটিং ক্লাবে আয়োজিত পাঁচ দিনব্যাপী একটি অনুষ্ঠানের শেষ দিন ছিল রোববার। অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ করেছেন পরীমণি।
তার দাবি, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা তার পরিবেশনা উপভোগ করেছেন। তবে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ফেসবুক লাইভে পরীমণি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’
অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমণি বলেন, ‘কারো কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তার সাথে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি গাড়িতে উঠতেও পারেননি। পরে বাধ্য হয়ে থানায় ফোন করেন।’
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাকে সেখান থেকে বের হতে সহায়তা করতে পারছিল না। পরে অতিরিক্ত পুলিশ ডাকা হয়।’
পরীমণি বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’
ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমণি তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার প্রশ্ন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’
শুধু নিজের গাড়ি নয়, অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুরের অভিযোগও করেন পরীমণি। এসব ঘটনার দায় কে নেবে, তা জানতে চান তিনি। তার ভাষ্য, কোনো শিল্পীর সাথে ক্ষোভ থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে মীমাংসা করা উচিত। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে।
এদিকে, এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমণি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’
ওসি জানান, গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন। তবে পরীমণির গাড়ি কিংবা অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুরের বিষয়ে কোনো তথ্য তার জানা নেই বলে জানান তিনি। তার ভাষ্য, পরীমণি সুস্থভাবে ফিরে গেছেন।
এর আগে কয়েক দিন আগে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এক সাংবাদিকের সাথে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমণি। এবার গুলশান শুটিং ক্লাবের অনুষ্ঠান ঘিরে তার নতুন অভিযোগ সামনে এলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








