
রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার আইনি স্বীকৃতি মিলেছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে গণহত্যায় দোষী সাব্যস্ত করেছে। কয়েক দশক ধরে পদ্ধতিগত রোহিঙ্গা নিধনে মিয়ানমারের জান্তা সরকারকে কখনো দায়বদ্ধ করা যায়নি। ২০১৭ সালে বড়দাগে গণহত্যা চালানোর পরও তা হয়নি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নিজেও গুরুতর বিপদে আছে। এই ইস্যুতে বন্ধুপ্রতিম দেশগুলোকে রোহিঙ্গাদের পক্ষে কাজে লাগানো যায়নি; বরং তারা অন্যায়কারী মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়ে তাদের অপরাধ লাঘবে কাজ করেছে। সে ক্ষেত্রে আইসিজের এই রায় একটা মাইলফক। জাতিসঙ্ঘ সর্বোচ্চ বিচারিক আদালতের রায়টিকে এখন বৈশ্বিক পরিসরে কাজে লাগিয়ে রোহিঙ্গা সঙ্কট সমাধানে জোর তৎপরতা চালাতে হবে বাংলাদেশকে ।
আইসিজে রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালিয়েছে। ওই সময়ে নির্বিচার হত্যা, যৌন নিপীড়ন, শিশুদের ওপর নৃশংসতা ও সর্বোপরি দেশটি থেকে তাদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে মর্মে স্বীকৃতি দিয়েছেন আদালত। এ ছাড়া বেসামরিক উগ্র বৌদ্ধরা সামরিক বাহিনীর সাথে রোহিঙ্গা নিধনে সহযোগী হয়েছে— সেটিও উঠে এসেছে। আদালতের রায়ের পর এটি বৈশ্বিক আইনের আওতায় অপরাধকর্ম হিসেবে নথিবদ্ধ হয়েছে। গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত ১৯৪৮ সালের জাতিসঙ্ঘ কনভেনশন লঙ্ঘনের দায়ে এখন মিয়ানমার অভিযুক্ত হলো।
এখানে দুটো বিষয়— রোহিঙ্গাদের নিরাপদে পূর্ণ নাগরিক অধিকারসহ নিজ দেশে প্রত্যাবাসন এবং গণহত্যা সংঘটিত করায় দায়ী পক্ষগুলোর বিচার। এ ব্যাপারে আদালত স্পষ্ট আদেশ দিয়েছেন। গণহত্যাসংক্রান্ত জাতিসঙ্ঘ কনভেনশন তাদের মানতে হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান আইন লঙ্ঘন বন্ধ করতে হবে। গণহত্যা সম্পৃক্ত সন্দেহভাজন সবার বিরুদ্ধে তদন্ত করতে হবে। তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। বাস্তুচ্যুত (দেশের ভেতরে এবং বাইরে) রোহিঙ্গাদের নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ বাসস্থানে ফেরার সুযোগ দিতে হবে। সেই সাথে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এসব বিষয়ে দেশটি কী কী পদক্ষেপ বাস্তবায়ন করেছে দুই বছরের মধ্যে তার প্রতিবেদন আদালতে উপস্থাপনের আদেশও দেয়া হয়েছে।
২০১৭ সালে গণহত্যা চালানোর পর থেকে বৈশ্বিক আইন-রীতি সব মিয়ানমার জান্তার বিরুদ্ধে ছিল। সবধরনের যুক্তিও রোহিঙ্গা ও বাংলাদেশের পক্ষে ছিল। অনুকূল অবস্থা কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজে লাগায়নি ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই সংক্রান্ত নীতি মোটাদাগে ভারত দ্বারা প্রভাবিত ছিল। পররাষ্ট্রনীতি এতটাই দিকভ্রান্ত ছিল যে, চীন ও ভারত দুটো প্রতিযোগী রাষ্ট্র জাতিসঙ্ঘে গণহত্যাকারী দেশ মিয়ানমারের পক্ষে অবস্থান নেয়। ফলে বাংলাদেশ রোহিঙ্গাদের পক্ষে কিছু করা দূরে থাক, নিজ দেশের স্বার্থের পক্ষেও দাঁড়াতে পারেনি।
আইসিজে রায় দিয়ে প্রকৃত অপরাধীদের বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছেন। এখন এ রায়কে সঙ্কট উত্তরণে কাজে লাগানোর দায়িত্ব ঢাকার। এটির বাস্তবায়নও নির্ভর করছে অনেকটাই ঢাকার ওপর। যদি সঠিক কূটনৈতিক প্রয়াস চালানো হয়, বন্ধুপ্রতিম দেশগুলোকে কাজে লাগানো যায়, তাহলে রোহিঙ্গাদের প্রতিকার এনে দেয়ার পাশাপাশি বাংলাদেশ নিজেও বিপদ থেকে বাঁচতে পারে। বিস্তারিত রায়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









