
ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগ চেষ্টার ঘটনায় বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য একসাথে তার বাড়ি পরিদর্শন করেন। পরিবারের খোঁজখবর নিতে এবং অগ্নিসংযোগের ঘটনায় সমবেদনা জানাতে তারা সেখানে যান।
রোববার (২২ নভেম্বর) রাতে জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয় সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় তারা সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। পাশাপাশি ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।
জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘এ হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী জড়িত। চোরাগুপ্তা হামলা করে ক্ষমতায় ফেরার ব্যর্থ চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘সাদিক কায়েম কোনো পলিটিক্যাল পরিচয় না। তার পরিচয় হলো চেতনার পরিচয়। জুলাই চেতনার পরিচয়। আপনাকে সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের নাই। এটা আপনার বাড়ি না এটা হলো একটা চেতনার বাতিঘর এবং চেতনার একটা স্থান। এখানেই তারা আঘাত করে সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিচ্ছে। তারা এইরকম ডিস্টার্ব করবে।’
তিনি আরো বলেন, ‘আপনার পক্ষে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীসহ আমাদের সরকার এবং বিরোধী দল, সমস্ত নেতৃবৃন্দ আপনার এই ঘটনার জন্য অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত চিন্তিত।’
এই ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘এটা ব্যক্তিগত কোনো ব্যাপার না। এটা ন্যাশনাল একটা ইস্যু। এই ইস্যুতে আমরা সবাই একসাথে আছি। একসাথে মোকাবিলা করব।’
তিনি বলেন, ‘তারা এখন রাজপথে কার্যক্রম করতে না পেরে চোরাগুপ্তা হামলার মাধ্যমে দেশে ফিরতে চায়। তাদের এই আশা কোনোদিন বাংলাদেশের মানুষ সহ্য করবে না এবং কোনো অবস্থায়ই তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আমরা আছি আমরা আগামী দিন থাকব এবং এটার প্রতিহত করবই। আপনার বাড়ির আক্রমণ এবং গোপালগঞ্জসহ সারা বাংলাদেশে যে কাজগুলো তারা করতেছে এটার বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলব। এই ব্যাপারে কোনো রাজনৈতিক দল নাই আমরা ১৮কোটি মানুষ ঐক্যবদ্ধ। সরকার, বিরোধী দল এবং সমস্ত রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দল আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্ত রুখে দেবো ইনশাল্লাহ।’
বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করেছে পুলিশ। এই চারজন আওয়ামী লীগের কোন পদে কোথায় আছে সেটাও ফাইন্ড আউট করেছে পুলিশ। যেকোন মুহূর্তে এদেরকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে।’
আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে বিভিন্ন বাড়িঘর, দোকানপাট, যানবাহনে অগ্নিসংযোগ করার যেই অপচেষ্টা চালাচ্ছে, মানুষকে ভয়ভীতি করার চেষ্টা করছে ঠিক তেমনিভাবে তারা খাগাছড়িতেও আমাদের এই ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে তারা গভীর রাতে অগ্নিসংযোগ করার জন্য চেষ্টা করে। ইনশআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই ফ্যাসিস্টের সকল অপকর্ম মোকাবিলা করব। তারা মানুষকে হত্যা করে জানমালের ধ্বংস করে তারা দেশে ফিরতে চায়। এটা সম্ভব না।
সাদিক কায়েমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ ভয়ের কিছু নেই। আমরা সবাই আছি আপনাদের পাশে। এ দেশের মানুষ, এই জেলার মানুষ সকলের জন্য আমরা কাজ করব। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই সকল অগ্নিসন্ত্রাস, ককটেল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ সময়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









