
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিআইডি কার্যালয় ও পল্লবী থানার গেইটের ভেতরেসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এসব ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হননি।
তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে মাত্র আধা ঘণ্টায় নীলক্ষেত তোরণ, সিনেট ভবনের গেইটের ভেতরে, টিএসসিতে ও মধুর ক্যান্টিনের সামনে একইসাথে সাত থেকে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা তিনজনকে আটক করে পুলিশে দেয় বলে জানান প্রক্টর।
মালিবাগে সিআইডি অফিস ও পল্লবী থানার গেইটের ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া পল্লবী থানার প্রধান গেইটের ভেতরে পৃথক আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ধারণা করছে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল সিআইডি কার্যালয়ের ভেতরে নিক্ষেপ করা হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে সেখানে থাকা সরকারি একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।
এখনো কাউকে গ্রেফতার করা যায়নি জানিয়ে তিনি বলেন, ‘তদন্ত চলছে।’
অন্যদিকে, মিরপুরের সাগুফতায় অবস্থিত পল্লবী থানার প্রধান গেইটের ভেতরে সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন
ঢাকার ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় পৌনে ৬টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঝহারুল ইসলাম।
তিনি জানান, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে বিকেল ৫টা ৪০ মিনিটে এক দুর্বৃত্ত আগুন দিয়েছে।
ওই বাসটিতে স্কুলের কোনো শিক্ষার্থী ছিল কিনা এমন প্রশ্নে তিনি জানান, কোনো যাত্রী ছিল না, বাসটি সড়কে দাঁড়ানো ছিল।
তবে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








