
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বাসার নিচতলার কক্ষ থেকে মোহাম্মদ শাহাবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবাজ পাকিস্তানের জালালপুরের বাসিন্দা নাজির আহমেদের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জুবায়ের জানান, খবর পেয়ে পুলিশ দক্ষিণ বনশ্রীর একটি ১০ তলা বাসার নিচতলার কক্ষ থেকে মোহাম্মদ শাহাবাজের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বেলা ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, সকালে ওই বাসার দারোয়ান পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের লাশ পাওয়া যায়।
এসআই বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








