চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ ও নরসিংদীর নিলক্ষা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তৌকির আহম্মেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

রাজধানীর বনানীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মিছিল, নাশকতার চেষ্টা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (৯ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার বনানী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১১ আগস্ট দুপুরে রাজধানীর মহাখালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাতে লাঠিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে সড়কে অবস্থান করেন। মিছিলের কারণে মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীদের কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। বাসস